নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের অসাধারণ ব্যাটিং বিফলে গেল। সানরাইজার্স হায়দরাবাদের রানের পাহাড়ের নিচে চাপা পড়ল রাজস্থান রয়্যালস। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে ট্র্যাভিস হেড ও ঈশান কিশনের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছিল হায়দরাবাদ। জবাবে ৬ উইকেটে ২৪২ রানেই থমকে যায় রাজস্থান রয়্যালস। ৪৪ রান জিতে আইপিএল অভিযান শুরু করলেন প্যাট কামিন্সরা।
এদিন জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেন হায়দরাবাদের অনামী বোলার সিমরজিৎ সিংহ। তৃতীয় বলে ফিরিয়ে দেন তারকা ব্যাটার যশস্বী জয়সোয়ালকে। আউট হওয়ার আগে ৫ বলে ১ রান করেন ভারতীয় দলের ক্রিকেটার। ক্রিজে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। তবে পরের বলেই ফিরে যান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে পাল্টা আক্রমণের পথে যান সঞ্জু স্যামসন ও কেকেআরের প্রাক্তনী নীতীশ রানা। যদিও খুব একটা লাভ হয়নি। মহম্মদ শামি এসে নীতীশকে (৮ বলে ১১) ফিরিয়ে জুটি ভাঙেন। ৫০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে রাজস্থান। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন প্যাট কামিন্সরা।
তবে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। আচমকাই রুদ্রমূর্তি ধারণ করে হায়দরাবাদের বোলারদের তুলোধনা করতে শুরু করে দেন। ২৬ বলে অর্ধশতরানে পৌঁছে যান সঞ্জু। উল্টোদিকে জুরেলও তাণ্ডব চালান। ওই তাণ্ডবে খানিকটা দিশেহারা হয়ে যান হায়দরাবাদের বোলাররা। শেষ পর্যন্ত ১৪তম ওভারের শেষ বলে সঞ্জুকে ফিরিয়ে ১১১ রানের জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেন হর্ষল পটেল। ৩৭ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন সঞ্জু। পরের ওভারে সেট হয়ে যাওয়া ধ্রুবকে (৩৫ বলে ৭০) ফিরিয়ে রাজস্থানের লড়াইয়ে ফেরার চেষ্টা গুঁড়িয়ে দেন অ্যাডাম জাম্পা। দুই বলের ভিতরে দুই উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে দাঁড়ায় রাজস্থান। ষষ্ঠ উইকেটে সিমরান হেইটমার ও শুভম দুবে মারমুখী মেজাজে ব্যাট করে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ দুই ওভারে রাজস্থানের জন্য জয়ের লক্ষ্য হয়ে দাঁড়ায় ৬৯ রান। অর্থাৎ ওভার পিছু ৩৪.৫ রান। বল পিছু প্রায় ৬ রান। ওই অসাধ্যসাধন সম্ভব হয়নি। ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে হর্ষল পটেলের বলে প্যাভিলিয়নে ফেরেন হেইটমার। শুভম দুবে ১১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।