নিজস্ব প্রতিনিধি, লখনউ: ফের ব্যাট হাতে চরম ব্যর্থ লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। মঙ্গলবার (১ এপ্রিল)ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সাজঘরে ফিরেছেন মাত্র ২ রান করে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৭ কোটির ব্যাটারের অবদান ০, ১৫ ও ২। অর্থাৎ প্রতি রান পিছু তাঁর জন্য লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে গুনতে হয়েছে ১ কোটি ৬০ লক্ষ টাকা।
আইপিএলের নিলামে গতবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে টেনেছিল লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে তিনিই হলেন সবচেয়ে দামী ক্রিকেটার। দলে টানার সঙ্গে সঙ্গে অধিনায়কত্বের গুরু দায়িত্বও ভারতীয় দলের উইকেটরক্ষকের কাঁধে সঁপেছিলেন লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু চলতি আইপিএলে প্রথম তিন ম্যাচে ঋষভের ব্যাটে খরা চলছেই। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৬ বলে শূন্য রান করে সাজঘরে ফিরতে হয়েছিল লখনউ অধিনায়ককে। ওই ম্যাচ হারতে হয়েছিল লখনউকে। পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেলেও ব্যাট হাতে কোনও মুন্সিয়ানাই দেখাতে পারেননি ঋষভ। ১৫ বলে ১৫ রান করে ফিরেছিলেন।
এদিন ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৭ কোটির ব্যাটার জ্বলে উঠবেন বলে লখনউয়ের সমর্থকরা আশাবাদী ছিলেন। কিন্তু ও হরি! কোথায় কী? ওপেনার আইডেন মার্করাম সাজঘরে ফেরার পরে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ। গ্লেন ম্যাক্সওয়েলের পঞ্চম বলে যুজবেন্দ্র চহালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লখনউ অধিনায়ক। পাঁচ বলে করেন মাত্র ২ রান। ঋষভের ওই কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ের পরেই প্রশ্ন উঠেছে, কবে তাঁর ব্যাটে রান আসবে? কবে তাঁর ব্যাট থেকে চার-ছক্কার ফুলঝুরি ছুটবে?