নিজস্ব প্রতিনিধি, লখনউ: শেষ পর্যন্ত ব্যাট হাতে গর্জে উঠলেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। আর তাঁর চওড়া ব্যাটে ভর করেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুখরক্ষার মতো রান তুলল লখনউ সুপার জায়ান্টস। সোমবার (১৪ এপ্রিল) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৬ রান তুললেন ঋষভরা। চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা তিন ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।
অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের দিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে হেরেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এদিন অবশ্য টসে জিতলেন এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন। প্রথম ওভারেই ব্যাট করতে নামা লখনউকে ধাক্কা দেন খলিল আহমেদ। ফিরিয়ে দেন আইডেন মার্করামকে (৬)। সেই ধাক্কা সামলে ওঠার আগে ফের ধাক্কা খায় লখনউ। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচচ্চচ রানকারী নিকোলাস পুরান ফেরেন মাত্র ৮ রান করে। ক্যারিবীয় ব্যাটারকে সাজঘরের পথ ধরান অংশুল কম্বোজ। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা খানিকটা সামাল দেন মিচেল মার্শ ও লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। পাল্টা মারের পথে হেঁটে দুজনে ৩৩ বলে ৫০ রান যোগ করেন। মিচেলকে (৩০) ফিরিয়ে ওই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।
চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ঋষভ পন্থ ও আয়ুষ বাদোনি। আগের পাঁচ ম্যাচে ব্যাটে ব্যর্থ পন্থকে এদিন যথেষ্টই আত্মবিশ্বাসী দেখিয়েছে প্রথম থেকে। তবে বড় শট খেলার ঝুঁকি নেননি। আয়ুষ বাদোনি মারমুখী মেজাজে ব্যাট করছিলেন। ১৪তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পিছনে দাঁড়ানো মহেন্দ্র সিংহ ধোনির দস্তানা বন্দি হয়ে ফিরে যান। ১৭ বলে দুটি ছক্কার সাহায্যে ২২ রান করেন বাদোনি। আর তিনি ফেরার পরেই রান তোলার শেষের গতি খানিকটা শ্লথ হয়ে যায় লখনউয়ের।
তবে ১৮ তম ওভার থেকেই হাত খুলে মারতে শুরু করেন দুজনে। মাথিশা পাথিরানার এক ওভারেই ১৮ রান নেন। ৪২ বলে চারটি ও তিনটি ছক্কার সাহায্যে চলতি আইপিএলে প্রথম নিজের অর্ধশতরান তুলে নেন ঋষভ পন্থ। শেষ ওভারে অবশ্য তিন ধাক্কা খায় লখনউ। মাথিশা পাথিরানার বলে পর পর রান আউট হয়ে সাজঘরে ফেরেন সামাদ (২০) ও ঋষভ পন্থ (৬৩)। শেষ বলে শেখ রশিদের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন শার্দূল ঠাকুর (৬)। সাত উইকেট হারিয়ে ১৬6 রানেই থমকে যায় লখনউয়ের ইনিংস।