নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ঘরের মাঠ চিন্নাস্বামীতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে লজ্জার হার হজম করতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ৪৮ ঘন্টার মধ্যে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে মুল্লানপুর স্টেডিয়ামে দুই ভিন লক্ষ্য সামনে রেখে নামছেন শ্রেয়স আইয়ার ও রজত পাতিদাররা। প্রথম দলের লক্ষ্য প্লেঅফ খেলার দিকে একধাপ এগিয়ে যাওয়া। আর দ্বিতীয় দলের লক্ষ্য শুক্রবারের হারের মধুর প্রতিশোধ নেওয়া। ফলে আজকের ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলাই যেতে পারে।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয় লিগ টেবিলে তিন নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। অন্যদিকে সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বেঙ্গালুরু। যদিও ব্যাটিংয়ের ক্ষেত্রে বেঙ্গালুরু শক্তিশালী হলেও ফিল সল্ট-বিরাট কোহলি-রজত পাতিদাররা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। আগের ম্যাচে টিম ডেভিড ২৬ বলে ৫০ রান না করলে চরম লজ্জায় পড়তে হত কোহলিদের। অন্যদিকে, পঞ্জাবের ব্যাটিংয়ে মূল ভরসা অধিনায়ক শ্রেয়স আইয়ার। যদিও গত কয়েক ম্যাচে রান পাননি তিনি। তবে প্রিয়াংশ আর্য, নেহাল ওয়াধেরারা খানিকটা হলেও ভরসা জোগাচ্ছেন।
বোলিংয়ে দু’দলেরই সমান শক্তি। পঞ্জাব দলে যুজবেন্দ্র চহাল-আর্শদীপ সিংহ-মার্কো জানসেনের মতো বোলার রয়েছেন। যারা যে কোনও মুহুর্তে বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিংও ফেলে দেওয়ার মতো নয়। ভুবনেশ্বর কুমার-জস হেজলউড-ক্রুণাল পাণ্ড্যরা নিজেদের ফর্মে থাকলে বিপক্ষের কপালে অশেষ দুর্গতি থাকে। ফলে আজকের ম্যাচে বেঙ্গালুরু ও পঞ্জাবের ব্যাটার ও বোলাররা কেউই কাউকে বিনাযুদ্ধে সূচ্যগ্র মেদিনী ছাড়বে না তা বলাই যেতে পারে।
মুখোমুখি সাক্ষাতে অবশ্য বিরাট কোহলিদের চেয়ে সামান্য হলেও এগিয়ে শ্রেয়স আইয়াররা। এখনও পর্যন্ত দুই দলের দেখা হয়েছে ৩৪ বার। তার মধ্যে ১৮ বার জিতেছে পঞ্জাব। আর ১৬ বার জিতেছে বেঙ্গালুরু। আজকের ম্যাচে কে বাজিমাত করে, তাই দেখার।