নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অল্প রানে বেঁধে রেখেও গুজরাতকে হারাতে পারল না মুম্বই। বরং রানে হেরে গেল। শনিবার (২৯ মার্চ) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেট খুঁইয়ে ১৯৬ রান তুলেছিলেন শুভমন গিলরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ রানেই থামলেন হার্দিকরা। অর্থাৎ ৩৬ রানে হারল মুম্বই। এ নিয়ে চলতি আইপিএলে টানা দুই ম্যাচে হার হজম করতে হল হার্দিকদের। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল। উল্টোদিকে মুম্বইকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখলেন গিলরা।
জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমনে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে মুম্বই। পর পর বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংস খেলার ইঙ্গিত দেওয়া রোহিত শর্মা চতুর্থ বলেই ফিরে যান। চার বল খেলে তিনি করেন ৮ রান। তিন নম্বরে নামা তিলক ভার্মা শুরু থেকেই ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু পঞ্চম ওভারে রায়ান রিকেলটনকে (৬) ফিরিয়ে মুম্বইকে ফের ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে তোলার চেষ্টা চালান তিলক ও সূর্যকুমার যাদব। দুজনেই দেখেশুনে খেলছিলেন। এক সময়ে গুজরাতের বোলারদের উপরে প্রভাবও বিস্তার করেছিলেন দুজনে। কিন্তু ১২ তম ওভারে তিলককে (৩৯) ফিরিয়ে ৬২ রানের পার্টনারশিপ ভেঙে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। পাঁচ নম্বরে নামা ইমপ্যাক্ট খেলোয়াড় রবিন মিনজ কোনও প্রভাবই বিস্তার করতে পারেননি। ৬ বলে তিন রান করে সাজঘরে ফিরে যান। তাঁকে ফেরান সাই কিশোর।
এক প্রান্ত আগলে রাখা সূর্যকুমার যাদবের উপরে বড় ভরসা রেখেছিলেন মুম্বইয়ের সমর্থকরা। কিন্তু স্কাই এখন অতীতের ছায়া। খোলস ছেড়ে তেমনভাবে বেরোতে পারছেন না। এদিন তাঁর কাছ থেকে যখন বড় ইনিংস আশা করেছিল দল, তখন হতাশ করে ৪৮ রানে সাজঘরে ফেরেন মুম্বইয়ের সহ অধিনায়ক। তাঁকেও ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। ব্যাট হাতে দলের প্রয়োজনে এদিন জ্বলে উঠতে পারেননি মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য-ও। যখন বড় শট খেলার প্রয়োজন ছিল, তখন বল নষ্টের রাস্তায় হেঁটেছেন। ১৭ বল খেলে ১১ করে প্যাভিলিয়নে ফিরেছেন। সপ্তম উইকেটে জুটি বেঁধে নমন ধীর ও মিচেল সান্তনার চালিয়ে খেলেন। কিন্তু তা জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানেই থমকে যায় মুম্বই। নমন ও সান্তনার দুজনেই ১৮ রান করে অপরাজিত থাকেন। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা চার ওভারে ১৮ রান খরচ করে দুই উইকেট ঝুলিতে পুরেছেন।