নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: প্রথম ম্যাচেই চরম ব্যর্থ চলতি আইপিএলের অন্যতম দামী খেলোয়াড় ঋষভ পন্থ। ছয় বল খেলে শূন্য রানে ফিরেছেন তিনি। তবুও সোমবার (২৪ মার্চ) মিচেল মার্শ ও নিকোলাস পুরানের জোড়া অর্ধশতরানের সুবাদ দিল্লির বিরুদ্ধে ২০০ রানের গণ্ডি পার করল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান তুলল সঞ্জীব গোয়েঙ্কার দল। দিল্লির হয়ে মিচেল স্টার্ক ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন।
টসে জিতে এ্দিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর পটল। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন লখনউয়ের দুই ওপেনার আইডেন মার্করাম ও মিচেল মার্শ। পঞ্চম ওভারে বল করতে এসে মার্করামকে (১৫) ফিরিয়ে জুটি ভাঙেন বিপরাজ নিগম। যদিও তাতে কোনও লাভ হয়নি। কেননা, দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরানের সঙ্গে জুটি বেঁধে তাণ্ডব চালান মার্শ। দুজনের হাতে নির্দয় প্রহারে ভ্যাবাচাকা খেয়ে যান দিল্লির বোলাররা। দ্বাদশ ওভারে মার্শের তাণ্ডব থামান মুকেশ কুমার। ৩৬ বলে ৬টি চার আর ছয়টি ছক্কার সাহায্যে ৭২ রান করে সাজঘরে ফেরেন মার্শ।
চার নম্বরে নম চরম ব্যর্থ হন ঋষভ পন্থ। ছয় বলে খেলে শূন্য রান সাজঘরে ফেরেন লখনউয়ের অধিনায়ক। পরের ওভারে মিচেল স্টার্কের বলে ফেরেন পুরানও (৭৫)। ছয় নম্বরে নামা আয়ুশ বাদানিও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি করেন ছয় বলে চার রান। এক বল বাদে রান আউট হয়ে ফেরেন শার্দুল ঠাকুরও। ১৬ রানে চার উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় লখনউ। এর পর ডেভিড মিলার ও শাহবাজ আহমেদ জুটি বেঁধে বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান। ১৯তম ওভারে লখনউকে জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক। প্রথমে শাহবাজকে (৯) ও পর রবি বিষ্ণোইকে (০) ফেরান। শেষের দিকে চালিয়ে খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন মিলার। তিনি ১৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।