নিজস্ব প্রতিনিধি : আইসিসির টু্র্নামেন্টে ফের শুরু নয়া বিতর্ক। চ্যাম্পিয়নস ট্রফিতে যেন একের পর এক ভুল ঘটেই চলেছে। এর আগে দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগো থেকে আয়োজক পাকিস্তানের নাম উধাও হয়ে যায়। এই ভুলকে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ বলে জানিয়েছিল।এরপর গতকালই লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে ঘটেছিল অবাক কাণ্ড।অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত।যা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছিল গোটা দেশে। এই ঘটনাকে মোটেও ভাল চোখে দেখে নি আয়োজন দেশ পাকিস্তান।এবার এই ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যা চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই নিয়ে পিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বৈশ্বিক ইভেন্ট হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর জাতীয় সংগীতের প্লে–লিস্ট আইসিসিই বানিয়েছে এবং ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির নিয়োগ করা ব্যক্তিকেই দেওয়া হয়েছে।অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠায় পিসিবি অবাক ও অসন্তুষ্ট। এই ভুলের কোন ব্যাখা হয় না।এর জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করা হয়েছে। তাই তাদের কাছে ব্যাখা চাওয়া হয়েছে।
একইসঙ্গে পিসিবির ওই কর্মকর্তা জানিয়েছে,লাহোরের ম্যাচের প্লে–লিস্টে ভারতের জাতীয় সংগীত রাখা নিয়েও তারা প্রশ্ন উঠেছে। কেন ভারতের জাতীয় সংগীত রাখা হয়েছিল তাও জানতে চায় পিসিবি। , পাকিস্তানের মাটিতে যেহেতু ভারতের কোনো খেলা নেই, তাহলে প্লে–লিস্টে তাদের জাতীয় সংগীত রাখার অর্থ কী ? এই ভুল কী ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে তাও খতিয়ে দেখছে পিসিবি। তদন্ত করে দেখা হবে পুরো ঘটনা।যদি কেউ দোষী হয় তবে শাস্তিও পেতে হতে পারে তাকে।