নিজস্ব প্রতিনিধি: ডিয়ন মেয়ার্সের লড়াই বিফলেই গেল। বুধবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ২৩ রানে হারিয়ে দিলেন শুভমন গিলরা। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ১৫৯ রানেই থেমে যায় জিম্বাবোয়ের দৌড়। এদিনের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ব্লু ব্রিগেড।
হারারে স্পোর্টস ক্লাবে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। তাঁর ও রুতুরাজ গায়কোয়াড়ের চওড়া ব্যাটে ভর করে জিম্বাবোয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়েছিল টিম ইন্ডিয়া। জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। স্কোর বোর্ডে ১৯ রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে যান দলের তিন ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারে আবেশ খানের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন ওয়েলেসলি মেধেভেরা (১)। পরের ওভারে ১৩ রান করে খলিল আহমেদের বলে আউট হয়ে যান মারুমানি। কোনও রান যোগ হওয়ার আগেই আবেশ খানের বলে সাজঘরে ফেরেন ব্রায়ান বেনেট। পয়েন্ট এলাকায় শূন্যে ঝাঁপিয়ে তাঁর ক্যাচ দুর্দান্তভাবে তালুবন্দি করেন রবি বিষ্ণোই। এর পরে ডিয়ন মেয়ার্স ও জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। সপ্তম ওভারে বল করতে এসে স্বাগরতিকদের জোড়া ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর। প্রথমে ফিরিয়ে দেন রাজাকে (১৫)। শেষ বলে ফেরান জোনাথন ক্যাম্পবেলকে (১)।
৩৯ রানে পাঁচ উইকেট খুঁইয়ে বিপাকে পড়া জিম্বাবোয়েকে টেনে তোলার জন্য মরিয়া লড়াই চালান ডিয়ন মেয়ার্স ও ক্লাইভ মাডান্ডে। দু’জনে মিলে ভারতীয় বোলারদের সামনে বাধার প্রাচীর গড়ে তোলেন। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ৭৭ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ১৭তম ওভারে বল করতে এসে মাডান্ডেকে (৩৭) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এর পরে ওয়েলিংটন মাসাকদজা ও মেয়ার্স হাত খুলে খেলে দলকে জয় এনে দেওয়ার চেষ্টা চালান। কিন্তু সফল হননি। শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে জিম্বাবোয়ে। মেয়ার্স ৪৯ বলে ৬৫ এবং মাসাকদজা ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর ১৫ রানে তিন উইকেট নিয়েছেন।