নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। শুক্রবার (২৪ জানুয়ারি) অনুশীলনের সময়ে গোড়ালিতে চোট পেয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার তথা ইডেনে প্রথম ম্যাচের জয়ের নায়ক অভিষেক শর্মা। যদিও চোট কতটা গুরুতর তা জানা যায়নি। কিন্তু যেভাবে খুঁড়িয়ে তিনি মাঠ ছেড়েছেন, তাতে না খেলার সম্ভাবনা একশো শতাংশ। সেক্ষেত্রে শনিবারের (২৫ জানুয়ারি) ম্যাচে প্রথম একাদশে ওয়াশিংটন সুন্দর বা ধ্রুব জুরেল ঠাঁই পেতে পারেন।
গত বুধবার (২২ জানুয়ারি) ইডেনে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে জয়ী হয়েছিলেন সূর্যকুমার যাদবরা। প্রথমে ব্যাট করতে নেমে আরশদীপ সিংহ ও বরুণ চক্রবর্তীদের দাপটে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হাতে নিয়ে ৪৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। আর ওই জয়ের প্রধান কাণ্ডারী ছিলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। সেদিন খুনে মেজাজে ব্যাট করেছিলেন। তিনটি চার ও ছয়টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ২০ বলেই টি টোয়েন্টিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন ভারতের তরুণ ওপেনার। টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয়ের করা দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। শেষ পর্যন্ত ৩৩ বলে ৭৯ রান করে আদিল রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন অভিষেক।
প্রথম ম্যাচ জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ফলে অ্যাডভান্টেজ নিয়েই শনিবার চিপকে নামতে চলেছেন সূর্য যাদবরা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চান গৌতম গম্ভীরের শিষ্যরা। কিন্তু অনুশীলনে অভিষেক শর্মার চোট টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। কেননা, তরুণ ওপেনার না খেলতে পারলে উইনিং কম্বিনেশন শুধু ভাঙতেই হবে না, ব্যাটিং অর্ডারেও পরিবর্তন করতে হবে।