নিজস্ব প্রতিনিধি, হারারে: ২৪ ঘন্টার মধ্যেই মধুর প্রতিশোধ নিলেন শুভমন গিলরা। রবিবার দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে অভিষেক শর্মার বিধ্বংসী শতরানের সুবাদে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবোয়ে।
জয়ের জন্য ২৩৫ রানের পাহাড় টপকাতে গিয়ে শুরু থেকেই ঝড় তোলার চেষ্টা করতে গিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। প্রথম ওভারেই মুকেশ কুমারের বলে সাজঘরে ফেরেন ওপেনার ইনোসেন্ট কাইয়া (৪)। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে মুকেশের দ্বিতীয় ওভারে বড় শট খেলতে গিয়ে বলের ফ্লাইট মিস করে আউট হয়ে যান ব্রায়ান বেনেট (৯ বলে ২৬)। চতুর্থ ওভারে বল করতে এসে জিম্বাবোয়েকে জোড়া ধাক্কা দেন আবেশ খান। দ্বিতীয় বলে ফেরান ডিয়ন মেয়ার্সকে (০)। আর শেষ বলে ফিরিয়ে দেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজাকে (৪)। এর পরে জোনাথন ক্যাম্পবেল ও ওয়েসলি মাধেবেরা পঞ্চম উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। কিন্তু বেশিক্ষণ প্রতিরোধ গড়তে পারেননি। দশম ওভারে বল করতে এসে ক্যাম্পবেলকে (১০) আউট করেন ওয়াশিংটন সুন্দর।
পরের ওভারে ক্লাইভ মাদানদেকে শূন্য রানে ফেরান প্রথম ম্যাচে একার হাতে জিম্বাবোয়েকে ধ্বংস করে দেওয়া রবি বিষ্ণোই।পরের ওভারে অকারণে তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হয়ে যান ওযেলিংটন মাসাকদজা (১)। ৭৬ রানে সাত উইকেট হারানো জিম্বাবোয়ে আদৌ ১০০ রানের গণ্ডি টপকাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়। অষ্টম উইকেটে মাধেবারা ও লিউক জঙ্গউই জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। দুজনে ৪১ রান যোগ করেন। ১৭তম ওভারে মাধেবেরাকে (৪৩) ফিরিয়ে জুটি ভাঙেন বিষ্ণোই। পরের ওভারে ব্লেসিং মুজারাবানিকে (২) ফেরান আবেশ খান। ১৯তম ওভারে জঙ্গউইকে (৩৩) ফিরিয়ে ১৩৪ রানেই জিম্বাবোয়েকে গুটিয়ে দেন মুকেশ কুমার। ভারতের পক্ষে আবেশ খান ও মুকেশ কুমার তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন রবি বিষ্ণোই।