নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক হিসাবে প্রথম টেস্টেই হারের তেতো স্বাদ পেতে হল শুভমন গিলকে। মঙ্গলবার (২৪ জুন) লিডস টেস্টে বেন ডাকেট ও জ্যাক ক্রলির দুরন্ত ব্যাটিংয়ে ভর করে পাঁচ উইকেটে জয় হাসিল করল ইংল্যান্ড। এই হারের সঙ্গে সঙ্গেই ক্রিকেটে ১৪৮ বছরের ইতিহাসে এক লজ্জার রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত একই টেস্টে পাঁচটি শতরান করা দল কখনও হারেনি। জঘন্য বোলিং আর হতশ্রী ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে শুভমনদের।
জয়ের জন্য ৩৫০ রানের লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২৪ জুন) পঞ্চম তথা শেষ দিন খেলতে নেমেছিল ইংল্যান্ডের দুই ওপেনার। ভারতীয়দের বোলিং নির্বিষ করে দিয়ে রান মেশিন সচল রাখেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। কোনও উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ইংল্যান্ড। ততক্ষণে অর্ধশতরান তুলে নেন ডাকেট। মধ্যাহ্নভোজের বিরতির পরেও স্বচ্ছন্দে ব্যাট করতে থাকেন ইংল্যান্ডের দুই গোড়াপত্তনকারী ব্যাটার। বলের লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণা-শার্দূল ঠাকুররা। সেই সুযোগ কাজে লাগিয়ে ডাকেটের পর অর্ধশতরান করেন ক্রলি-ও। সিংহবিক্রমে ব্যাট করে শতরানে পৌঁছে যান বেন ডাকেট। ১২২ বলেই শতরান পূর্ণ করলেন ইংল্যান্ডের ওপেনার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ভারতীয় শিবিরে চাপ বাড়তে থাকে। মাঝে আকাশ কালো করে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছিল। বৃষ্টির ফলে খেলা বন্ধ রাখেন আম্পায়ারেরা। খানিক বাদেই আবহাওয়ার উন্নতি হওয়ায় ফের শুরু হয় খেলা।
আর তার পরেই ইংল্যান্ড শিবিরকে ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওপেনার ক্রলিকে (৬৫) ফিরিয়ে দেন। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরলেন লোকেশ রাহুল। ক্রলি ফেরার পরে ওলি পোপকে সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ডাকেট। যদিও তিন নম্বরে নামা পোপ (৮) বেশিক্ষণ টিকতে পারেননি। প্রসিদ্ধের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন তিনি। পর পর ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যান বেন স্টোকসেরা। কিন্তু ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই চালিয়ে সেই চাপ কাটান ডাকেট। জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দিতে মারমুখী মেজাজে খেলতে শুরু করেন। ৫৫তম ওভারে বল করতে এসে ইংল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা দেন শার্দূল ঠাকুর। তৃতীয় বলে থামান বেন ডাকেটকে (১৪৯)। পরের বলে শূন্য রানে ফিরিয়ে দেন প্রথম ইনিংসের সফল ব্যাটার হ্যারি ব্রুককে। পর পর দুই বলে দুই উইকেট খুঁইয়ে ফের চাপে পড়ে যায় ইংল্যান্ড শিবির। চার উইকেট হারিয়ে ২৬৯ রান নিয়ে চা বিরতিতে যায় ইংল্যান্ড। চা বিরতি থকে ফেরার খানিক বাদে বেন স্টোকসকে (৩৩) ফেরান রবীন্দ্র জাদেজা। কিন্তু তাতে লাভ হয়নি। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ঠান্ডা মাথায় খেলে ৩৪ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দুই ইংরেজ ব্যাটার জো রুট (অপরাজিত ৫৩) ও জেমি স্মিথ (অপরাজিত