নিজস্ব প্রতিনিধি: মেলবোর্ন টেস্টে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে শুক্রবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রান তুলেছে গৌতম গম্ভীরের শিষ্যরা। যশস্বী জয়সোয়াল (৮২) বাদে ভারতের প্রথম সারির ব্যাটাররা দলের প্রয়োজনে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে এখনও ৩১০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ফলো আনের লজ্জা এড়াতে আরও ১১০ রান চাই। স্বীকৃত ব্যাটসম্যান হিসাবে রয়েছেন শুধু ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। দুজনে যথাক্রমে ৬ ও ৪ রানে অপরাজিত রয়েছেন।
৬ উইকেটে ৩১১ রান নিয়ে এদিন ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ১৪০ রান ও অধিনায়ক প্যাট কামিন্সের ৪৯ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে চার উইকেট নেন যশপ্রীত বুমরা। তবে সবচেয়ে বেশি উইকেট নিলেও বেধড়ক মার খেয়েছেন ভারতের স্পিডস্টার। তিনটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
ভারতের হয়ে এদিন ফের ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা। অ্যাডিলেড এবং ব্রিসবেনে মিডল অর্ডারে নেমে ব্যর্থ হওয়ার পরে রানে ফিরতে নিজের ব্যাটিং অর্ডার বদলেছিলেন ভারত অধিনায়ক।কিন্তু সাফল্য পাননি। কামিন্সের বলে পুল করতে গিয়ে মাত্র ৩ রানেই সাজঘরে ফেরেন। ভারত অধিনায়ক ফেরার পরে দ্বিতীয় উইকেটে কেএল রাহুলকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান যশস্বী। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি রাহুল। অজি অধিনায়কের বলে বোল্ড হয়ে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। চা-বিরতিতে যাওয়ার আগের শেষ বলে আউট হলেন তিনি। ৫১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন যশস্বী ও বিরাট কোহলি। দুজনে অজি বোলারদের আক্রমণ সামনে দলের রান মেশিন সচল রাখেন। নিজের অর্ধশতরানও পেয়ে যান যশস্বী। ভালই খেলছিলেন দুজনে। খানিকটা হলেও চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে সাজঘরে ফেরেন যশস্বী (৮২)। শতরান থেকে বঞ্চিত হন ভারতের তরুণ ব্যাটার। বল মেরেই রান নেওয়ার ডাক দিয়েছিলেন যশস্বী। কিন্তু বিরাট ক্রিজই ছাড়েননি। ততক্ষণে উল্টো দিকে চলে আসেন যশস্বী। সহজেই রান আউট করে অস্ট্রেলিয়া। যশস্বী আউট হতেই মনঃসংযোগ নষ্ট হয় বিরাটের। বোলান্ডের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ৩৬ রান করে আউট হয়ে ফেরেন প্রাক্তন অধিনায়ক। নৈশ প্রহরী হিসাবে নামা আকাশ দীপ ক্রিজ আঁকড়ে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। ১৩ বল খেলে শূন্য রানে তিনি সাজঘরে ফেরেন। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রান তুলেছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তুলনায় ৩১০ রানে পিছিয়ে রোহিত বাহিনী।