নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটল না। শুক্রবার (২৯ নভেম্বর) চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে ভার্চুয়ালি জরুরি বৈঠকে বসেছিল আইসিসির গভর্নিং বডি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোরড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা নিজেদের অবস্থানে অনড় থাকায় কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। অবস্থান বদলাতে চলতি সপ্তাহ পর্যন্ত দুই বোর্ডকে সময় দিয়েছে আইসিসির গভর্নিং বডি। আগামী সপ্তাহে ফের বৈঠক হতে পারে। ওই বৈঠকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
আগামী ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানের মাটিতে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানের মাটিতে দল পাঠাতে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে প্রতিযোগিতার আয়োজন করা হোক। অর্থাৎ ভারতীয় দলের খেলা অন্য কোনও দেশের মাটিতে আয়োজন করা হোক। কিন্তু ওই প্রস্তাবে বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। পিসিবি’র কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিসিসিআইয়ের অন্যায্য দাবির কাছে আত্মসমর্পণ করে যদি আইসিসি পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ সরিয়ে নেয়, তাহলে পুরো প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে পিসিবি। পাকিস্তান দল অন্য কোনও দেশের মাটিতে খেলবে না।’
প্রতিযোগিতার মাত্র তিন মাস আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের অনমনীয় মনোভাবে যথেষ্টই চাপে পড়েছেন আইসিসির কর্তারা। জট কাটাতে তাই শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি বৈঠকে বসছিল গভর্নিং বডি।বৈঠকে পূর্ণ সদস্য ১২ টি দেশের প্রতিনিধি ছাড়াও সহযোগী দেশগুলোর মধ্য থেকে তিনজন পরিচালক উপস্থিত ছিলেন। কিন্তু বৈঠক বেশি দূর গড়ায়নি। বৈঠকে ঠিক হয়েছে, পিসিবি, বিসিসিআই ও আইসিসির কর্মকর্তারা আরও কয়েকটি বোর্ড সদস্যদের সঙ্গে বসে গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে পৌঁছাতে চেষ্টা চালাবে।