নিজস্ব প্রতিনিধি : সদ্যই সিডনি টেস্টে আত্মসমর্পণ করেছে ভারত। ১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়াও হয়েছে ভারতের।অনেকের আশঙ্কা বুমরাহের অভাব বোধেই তরী ডুবেছে ভারতের।সিডনিতে হারের ফলে ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। সিডনি টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। জানালেন বিরাট-কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ।
এই নিয়ে গৌতম গম্ভীর জানান, ‘আমি কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারি না, এটা পুরোপুরিভাবে তাঁদের উপর নির্ভর করে। তাঁদের তাড়না ও অঙ্গীকার আছে। আশা করছি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁরা সবই করবেন। আমি সবসময় চাই সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক। কেউ যদি টেস্ট ম্যাচের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তবে ঘরোয়া ক্রিকেট খেলুক। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তা হলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।’ ভারতীয় দলের কোচের মতে, ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
একইসঙ্গে গৌতম গম্ভীর আরও বলেন, ‘পালাবদল নিয়ে এই মুহূর্তে কথা বলা ঠিক নয়। কেননা আমরা জানি না ৫ মাস পরে আমরা কোথায় যাব। যত দিন সাজঘরে সৎ মানুষেরা রয়েছে তত দিন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। আমাকে সবার প্রতি সৎ ও সমান আচরণ করতে হবে। ভারতীয় দলকে এখনও জুন-জুলাইয়ে ইংল্যান্ডে পরবর্তী টেস্ট সিরিজ খেলতে হবে।
সিডনির পিচে কোনও খুঁত ছিল না বলে মনে করেন গম্ভীর। নাম না করেই দলের ব্যাটারদের দুষেছেন তিনি। বলেছেন, ‘সিডনির উইকেট খুবই ভাল হয়েছে। টেস্টের জন্য খুবই ভাল। বোলার, ব্যাটার দুই বিভাগকেই সাহায্য করেছে। ব্যাটারদের পরিশ্রম করতে হয়েছে রান করতে। অতীতে সিডনির উইকেটের মতো এই পিচ ছিল না। টেস্টে ফলাফল হবে এমন উইকেটই হওয়া উচিত।’
এদিকে অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের ভারতীয় দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিল। তাঁর কথায়, ‘ভারতীয় খেলোয়াড়রা স্যাম কনস্টাসকে ভয় দেখিয়েছিল। এটা অন্যায়।’ এই নিয়ে কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই খেলাটা এতটাও সহজ নয়। ময়দানে নামলে তোমাকে কঠিন হতেই হবে। নরম মনের হলে কেউ খেলতে পারবে না।’