নিজস্ব প্রতিনিধি: কেন তাঁকে ভারতের সেরা উইকেটরক্ষক বলা হয়, ফের একবার বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ফের একবার বুঝিয়ে দিলেন বয়স শুধুই সংখ্যা। ৪৩ বছরেও এসে হারাননি ক্ষিপ্রতা। উইকেটের পিছনে তাঁর শ্যেন দৃষ্টি চিতা বা হায়নাকেও হার মানায়। শুক্রবার (২৮ মার্চ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার ফিল সল্টকে চোখের পলকে ফিরিয়ে দিলেন সাজঘরে।
চলতি আইপিএলের প্রথম ম্যাচেই চোখের নিমিষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদবকে স্টাম্পিং করে সকলকে চমকে দিয়েছিলেন ৪৩ বছর বয়সী। আফগান স্পিনার নূর আহমেদের ওভারের তৃতীয় বলে ক্রিজ থেকে বের হয়ে বড় শট খেলার চেষ্টা করেছিলেন মুম্বই অধিনায়ক। খানিকটা এগিয়ে এসেছিলেন। ততক্ষণে ধোনি চোখের পলকে স্টাম্প উড়িয়ে দেন। মাত্র ০.১২ সেকেন্ডে সময় নিয়েছিলেন। ওই ক্ষিপ্রতা দেখে হতবাক হয়ে পড়েছিলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক। সূর্যকুমার যাদব বুঝতে পারেননি, তিনি যে আউট হয়ে গিয়েছেন।
প্রথম দিনের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের স্টাম্প ওড়ানো যে কোনও কাকতালীয় বিষয় ছিল না, এদিন ফের একবার বুঝিয়ে দেন ‘থালা’ মাহি। চিপক স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন বেঙ্গালুরুর ওপেনার তথা ইংলিশ ব্যাটার ফিল সল্ট। পঞ্চম ওভারে চেন্নাইয়ের হয়ে বল করতে এসেছিলেন নূর আহমেদ। শেষ বলে তিনি চালাকি করে লুজ বল দেন সল্টকে। সেই বল ওড়াতে ক্রিজ ছেড়ে এক ধাপ এগিয়েছিলেন সল্ট। আর ওই ভুলের মূল্য চোকাতে হয়েছে তাঁকে। পিছন ফিরে তাকিয়ে দেখেন ততক্ষণে স্টাম্প উড়িয়ে দিয়েছেন মাহি। সময় নিয়েছেন ০.১৬ সেকেন্ড।
Typical Thala Dhoni Stumping 😭🔥pic.twitter.com/CbIWJD7fIy
— Cyrus (@CyrusDhoni07) March 28, 2025