নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় অঘটনের পর অঘটন ঘটে চলেছে। এবার শেষ চারে ওঠার লড়াইয়ে রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভের কাছে হেরে বিদায় নিলেন এই মুহুর্তে টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। পাঁচ সেটের গেমে তিনি হেরে গিয়েছেন ৭-৬, ৪-৬, ৬-৭, ৬-২ এবং ৩-৬’তে। সেমিফাইনালে স্প্যানিশ টেনিস তারকা এবং দুরন্ত ছন্দে থাকা কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন মেদভেদেভ।
মঙ্গলবার রাতে অবশ্য প্রথম সেট (৭-৬) জয় দিয়েই ম্যাচ শুরু করেছিলেন সিনার। তবে হারলেও হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন মেদভেদেভ। দ্বিতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে রুশ টেনিস তারকার। ৬-৪ গেমে জিতে সমতা ফেরান। তৃতীয় সেটেও দুই তারকা খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কেউ কাউকে বিনাযুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। তৃতীয় সেটের সময়েই অসুস্থতার কারণে মেডিকেল টাইম আউট নিতে বাধ্য হন সিনার। বেশ খানিকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। এমনকি চিকিৎসকরা তাঁর রক্তচাপও পরীক্ষা করেন।মেডিকেল টাইম আউট নিলেও তৃতীয় সেট বাঁচাতে পারেননি বিশ্বের এক নম্বর খেলোয়াড়।
২-১ সেটে পিছিয়ে পড়ার পরে চতুর্থ সেটে অসাধারণভাবে প্রত্যাবর্তন ঘটে সিনারের। কার্যত মেদভেদেভকে কোর্টে দাঁড়াতেই দেননি। ৬-২ গেমে সেট জিতে নেন। পঞ্চম সেটে অবশ্য রুশ টেনিস তারকার কাছে হার মানতে হয় বিশ্বের শীর্ষ খেলোয়াড়কে। সেই সঙ্গে উইম্বলডন জয়ের স্বপ্নও ভেঙে যায়।