নিজস্ব প্রতিনিধি: চলতি অস্ট্রেলিয়ান ওপেন একের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকছে। তবে সোমবারের (২০ জানুয়ারি) ঘটনা সব নজির ছাপিয়ে গেল। ইয়ানিক সিনারের বুলেট গতির সার্ভে ভাঙল নেটের ধাতব পাত। যার ফলে মাঝ পথেই বন্ধ হয়ে গেল খেলা। মিনিট ২০ বন্ধ থাকার পরে ফের শুরু হল ম্যাচ। আর সেই ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে শেষ হাসি হাসলেন সিনার। উঠলেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।
এদিন অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ত্রয়োদশ বাছাই তথা ডেনমার্কের টেনিস খেলোয়াড় হোলগার রুনার মুখোমুখি হয়েছিলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই তথা বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। তখন চতুর্থ সেটের খেলা চলছিল। সিনারের একটি বুলেট গতির সার্ভ নেট পার করার আগে নেটকে টান টান করে রাখা ধাতব পাতে আঘাত করে। সঙ্গে সঙ্গে ভেঙে যায় ধাতব পাতকে জোড়া লাগানো স্ক্রু। সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করে দেওয়া হয়। ফের নেট ঠিক করতে ছুটে আসেন মাঠ কর্মীরা। দুই খেলোয়াড়ই কোর্ট ছেড়ে চলে যান।
মিনিট কুড়ি বন্ধ থাকে ম্যাচ। ফের নেট জোড়া দিয়ে শুরু হয় খেলা। সিনারের বিরুদ্ধে ঠিক মতো লড়তেই পারেননি ডেনমার্কের রুনা। শেষ পর্যন্ত ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইতালির টেনিস তারকা সিনার। তবে প্রচণ্ড গরমের কারণে ম্যাচটিতে বেশ কয়েকবার বিঘ্ন ঘটেছিল। তৃতীয় সেটে টুর্নামেন্টের চিকিৎসক ও ফিজিওর সাহায্য নিতে হয় বর্তমান চ্যাম্পিয়ন সিনারকে। সেই কারণে ১০ মিনিট খেলা বন্ধ ছিল।