নিজস্ব প্রতিনিধিঃ বিপাকে কেকেআরের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। তাঁর বিরুদ্ধে উঠেছে ইপিএফ প্রতারণার অভিযোগ। আর তাতেই রবিনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বেঙ্গালুরুর কেআর পুরমের রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার তথা রিকভারি অফিসার শাদাক্ষরা গোপাল রেড্ডি এই পরোয়ানা জারি করেছে বলে খবর।
উথাপ্পা সেন্টোরাস লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিচালনার দায়িত্বে ছিলেন। সেখানে কর্মীদের বেতন থেকে ইপিএফ কেটে নেওয়া হয়। অভিযোগ উঠেছে কেটে নেওয়া সেইসকল টাকা কর্মীদের অ্যাকাউন্টে আর ফেরত পাঠান হয়নি। এই কারণে গত ৪ ডিসেম্বর পুলিশ কমিশনার রেড্ডি একটি চিঠি লিখে পুলিশকে পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেন। তবে এই নিয়ে এখন পুলিশের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখন জানা যায়নি ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্রেফতারি পরোয়ানার পর প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৫ ধারায় ‘অপরাধমূলক বিশ্বাসভঙ্গের’ অভিযোগ আনতে পারেন গোপাল রেড্ডি। মূলত ইপিএফ বা পারিবারিক পেনশন তহবিলের অপব্যবহারের জন্য এই ধারায় মামলা দায়ের হয়ে থাকে । উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি আইপিএলে ব্রডকাস্টার হিসেবে অনেকবার দেখা গিয়েছে উথাপ্পাকে। তবে, এই জালিয়াতির অভিযোগগুলি তাঁর এই খ্যাতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে এখন পর্যন্ত প্রাক্তন ক্রিকেটারের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।