নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই শুরু হবে আইএসএল। প্রথম ম্যাচ খেলা হবে সল্টলেক স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বারের আইএসএল জয়ী ক্লাব মোহনবাগান। তবে এর মাঝেই ইস্টবেঙ্গলের খেলোয়াড় আনোয়ার আলি-কে নিয়ে জল্পনা তুঙ্গে। গত মঙ্গলবার ভারতের হয়ে ম্যাচ খেলে তিনি কলকাতার মাটিতে পা রাখেন। তারপরেই তিনি যোগ দেন লাল-হলুদ শিবিরে। অনুশীলনেও ইতিমধ্যে তিনি নেমে্ পড়েছেন। তবে অনুশীলনে নামলেও ম্যাচ খেলতে পারবেন কি না সেই নিয়ে রয়ে গিয়েছে বড় প্রশ্ন।
এই বছরেই মোহনবাগান ছেড়ে তিনি যোগ দিয়েছেন মশাল শিবিরে। যার ফলে সবুজ মেরুন শিবির থেকে স্পষ্ট জানানো হয়েছে এই কাজ নিয়ম বহির্ভূত। এই কারণেই সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তাঁকে চার মাসের জন্য নির্বাসিত করে। এবছরের আইএসএলে শনিবার ইস্টবেঙ্গল প্রথম মাঠে নামবে। প্রতিপক্ষ থাকবে বেঙ্গালুরু। সেই ম্যাচে যে আনোয়ার খেলতে পারবে না তা কার্যত পরিস্কার।
এই বিষয়ে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার জানান, “আমরা এই শাস্তির ঘটনার ব্যখ্যা চেয়ে আবেদন করেছি। তা জানার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ক্লাব তার নিজের জন্য ও আনোয়ার তাঁর নিজের জন্য আলাদা করে পদক্ষেপ নেবে। ” তবে নির্বাসিত হওয়ার কারণে আইএসএলের শুরুর দিকে খেলতে পারবেনন না আনোয়ার।