নিজস্ব প্রতিনিধি : আগামীকাল(২ অগস্ট) পালিত হবে শ্রাবণ মাসের শিবরাত্রি। প্রতিমাসে একটি শিবরাত্রি পালিত হয়, এই শিবরাত্রি মাসিক শিবরাত্রি নামে পরিচিত।কথিত আছে শ্রাবণ মাসের শিবরাত্রি অধিক গুরুত্বপূর্ণ। এই শিবরাত্রিতে কিছু নিয়ম বিধি মেনে চললেই শিব পার্বতীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। জেনে নিন এই শিবরাত্রিতে কী কী করবেন।
ভাগ্যোদয়ের জন্য : মনে করা হয় শ্রাবণ মাসের শিবরাত্রিতে ঘুমিয়ে কাটালে ভাগ্য ঘুমিয়ে পড়ে। তাই রাত জেগে শিব পুরাণের কাহিনি পাঠ করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এতে পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। পাশাপাশি ভাগ্যদয় হয়।
ধন বৃদ্ধির জন্য : শ্রাবণ শিবরাত্রিতে সকালে গঙ্গাজল, দুপুরে দুধ, সন্ধ্যায় দই এবং রাতে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সম্পদ বৃদ্ধি পায়। আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়।
গ্রহের শুভ ফল পেতে : শ্রাবণ শিবরাত্রিতে বাড়ির প্রবেশদ্বারে জল ও হলুদ ছিটিয়ে দরজার দুই ধারে হলুদ দিয়ে স্বস্তিক আঁকুন। এর পর প্রদোষকালে (সূর্যাস্তের সময়) শিবলিঙ্গের পূজার্চনা করে বাড়ির ঈশান কোণে প্রদীপ জ্বালিয়ে শিবমন্ত্র জপ করতে হবে। এতে কাল সর্প দোষ কেটে যায়। গ্রহ নক্ষত্রের শুভ ফল লাভ করা যায়।
কষ্ট দূর করতে : শিবরাত্রিতে সকালে স্নান করে সাদা পোশাক পরে শিবলিঙ্গে জল দিয়ে স্নান করান । এরপর আখের রস দিয়ে অভিষেক করুন। তবে মনে রাখা ভাল এই সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। তার পর গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করে গন্ধ, পুষ্প, অক্ষত বেলপাতা নিবেদন করুন।এরপর ধূপ, দীপ, কর্পূর দিয়ে আরতী করুন ও ১০৮ বার শিব পঞ্চাক্ষর মন্ত্র জপ এবং শিব চালিসা পাঠ করুন। মনে করা হয় এতে জীবনের দু:খ কষ্ট হরণ করেন মহাদেব।