আন্তর্জাতিক ডেস্ক : সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর তকমা পেয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। একজন রাজকন্যের থেকেও কোন অংশে কম নয় সিনাওয়াত্রা। তাঁর পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন সর্বদা চর্চায় থাকে। উন্নত মানের জীবনযাপনের এক অনন্য উদাহরণ হল পেতংতার্ন। সম্প্রতি থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের সম্পদের তথ্য সামনে এসেছে। এত অল্প বয়সে কত কোটি সম্পত্তির মালিক জানেন ? শুনলে চমকে উঠবে সকলে।
পেতংতার্ন দেশটির জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে সম্পদের হিসাব দিয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪০ কোটি মার্কিন ডলারের বেশি। যা ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি টাকার কাছাকাছি। তাতেই আলোচনায় এসেছে তাঁর হাতব্যাগ ও হাতঘড়ি।
বিশেষ বিশেষ নকশা করা হাতব্যাগ ও বিলাসবহুল হাতঘড়ির শখ আছে পেতংতার্নের। সম্পত্তির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বিশেষ ধরনের ব্যাগ ও হাতঘড়ির সংগ্রহ করতে থাকেন তিনি। এই থাই প্রধানমন্ত্রীর কাছে এমন ব্যাগ ও ঘড়ির কালেকশন আছে যা বিশ্বের সকলকে ছাপিয়ে যেতে পারে।
যেমন পেতংতার্নের সংগ্রহে রয়েছে ২১৭টিরও বেশি বিশেষ নকশা করা হাতব্যাগ ও কমপক্ষে ৭৫টি বিলাসবহুল হাতঘড়ি। এর মধ্যে ঘড়িগুলোর দাম কমপক্ষে ৫০ লক্ষ মার্কিন ডলার। আর ব্যাগগুলোর মূল্য ২০ লক্ষ মার্কিন ডলারের বেশি।
সম্পদের হিসেব দেওয়ার পর পেতংতার্ন জানান, মোট সম্পদের মধ্যে তিনি প্রায় ৩২ কোটি ডলার বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন।বাকি অর্থ ব্যাংকে সঞ্চিত ও হাতে নগদ আকারে রয়েছে। নিজ দেশের পাশাপাশি এসব সম্পদ ব্রিটেন, জাপানসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে।
আরও পড়ুন : জেলে পচে মরতে নারাজ, নিজের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি বন্দির
উল্লেখ্য, পেতংতার্ন গত সেপ্টেম্বরে থাই প্রধানমন্ত্রী হন। তিনি দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট মেয়ে। ২০ বছরের মধ্যে সিনাওয়াত্রা পরিবার থেকে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দেশটির নেতৃত্ব দিচ্ছেন পেতংতার্ন। থাকসিন ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির মালিক ছিলেন।