আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে তথা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সর্বদা থাকেন সংবাদের শিরোনামে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে হাত মিলিয়েছেন নওয়াজ পুত্রী। আর তাতেই ধেয়ে এল কটাক্ষ। পুরুষের হাতে কেন হাত রেখেছে মরিয়ম ? যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।
একের পর এক চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ লিখেছেন ‘বর্তমান সময় অনুযায়ী হাত মেলানোটা একেবারেই সঠিক। এতে সম্মান জানানো হয় পরস্পরকে।’ কিন্তু সমালোচকদের দাবি ‘এটা ঘোর অন্যায়। ইসলামী আইন বিরুদ্ধ কাজ। পর পুরুষের হাতে হাত রাখা ঠিক হয় নি।’
সামাজিক মাধ্যমে ইমরান খানের সমর্থক এবং ও মরিয়মের সমর্থকদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। ইমরান খানের সমর্থকরা জানিয়েছেন, মরিয়মের এই কাজকে তাঁরা ধিক্কার জানায়। কেননা এই কাজ পাকিস্তানের জন্য লজ্জা। এদিকে মরিয়মের সমর্থকদের পাল্টা দাবি, ক্ষমতায় থাকাকালীন ইমরান খানও নারীদের সঙ্গে করমর্দন করেছেন। তাহলে মরিয়মের ক্ষেত্রে এটা অন্যায় হতে যাবে কেন ?
আরও পড়ুন : চোরের কীর্তি, চুরি করতে এসে দামী জিনিস না পেয়ে মহিলাকে চুমু খেয়ে চম্পট
উল্লেখ্য,মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ ব্যক্তিগত সফরে পাকিস্তানে এসেছিলেন। এইসময় উষ্ন অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও মরিয়ম নওয়াজ। স্বাগত জানানোর সময় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এগিয়ে আসেন এবং মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে হাত মেলান। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই ছবি। আর তাতেই নতুন বিতর্ক তৈরি হয়েছে।