নিজস্ব প্রতিনিধি : কথায় বলে, মৃত্যু হল চরম সত্য। যার হাত থেকে কেউ রেহাই পায় নি। মৃত্যুর পরে কী ঘটে তা জানতে সকলেই চাই। এই নিয়ে বিভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন ব্যাখা পাওয়া যায়। পুরানে বলা হয় আত্মা হল অবিনশ্বর। তাকে নষ্ট করা যায় না। আবার ইসলাম ধর্মে বলা হয়, আত্মা বা রুহ কখনো ধ্বংস হয় না। দেহ ত্যাগ করার পর এটি পরবর্তী জীবনে প্রবেশ করে। মৃত্যুর মুহূর্তে কী ঘটে বিজ্ঞান কী বলছে জানেন ?
সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে অবিশ্বাস্য তথ্য! ইউনিভার্সিটি অব লুইসভিলের একদল বিজ্ঞানী প্রথমবারের মতো মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করতে সফল হয়েছেন। আর তাতেই মিলেছে চাঞ্চল্যকর এক ইঙ্গিত। জানা গিয়েছে, মৃত্যুর আগে মুহূর্তে আমাদের মস্তিষ্ক পুরো জীবন একবার শেষবারের মতো রিভিউ করে নেয়! তবে এর পেছনে কী কারণ রয়েছে,কীভাবেই বা এটি ঘটে তা অবশ্য জানা যায় নি।
বিজ্ঞানীদের তথ্যমতে, এই নিয়ে ৮৭ বছর বয়সী এক মৃগীরোগী চিকিৎসাধীন থাকা অবস্থা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটি পরীক্ষা করা হয়েছিল। তার মৃত্যুর ঠিক আগে মুহূর্তে অর্থাৎ হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার আগে ও পরের ৩০ সেকেন্ডের মস্তিষ্কের কার্যক্রম পর্যালোচনার জন্য চিকিৎসকেরা তার মাথায় ইলেকট্রোএনসেফালোগ্রাফি(ইইজি)যন্ত্র বসান। এই সময়ে মোট ৯০০ সেকেন্ড মস্তিষ্কের তরঙ্গের দৈর্ঘ্য ধারণ করা হয়।
মস্তিষ্কের তরঙ্গের রেকর্ড থেকে দেখা গেছে, মস্তিষ্কের স্মৃতি ও স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে জড়িত অঙ্গগুলি মৃত্যুর কিছু পরেও সক্রিয় ছিল। বিজ্ঞানীরা আরও জানান, মস্তিষ্ক জৈবিকভাবে মৃত্যুর জন্য নিজে থেকে প্রোগ্রাম করে হয়ত। মৃত্যুর সময় হুট করে বন্ধ না হয়ে ধীরে শারীরবৃত্তীয় ও স্নায়ুবিক একটি পরিবর্তন ঘটে। সম্ভবত মৃত্যুর আগে শেষ সেকেন্ডে জীবনের একটি ভাষ্য রিপ্লে দেখায় মস্তিষ্ক। বিজ্ঞানীরা যদিও এখনো নিশ্চিত নন কীভাবে ও কেন এটি ঘটে।