নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইতিহাস গড়ে আট বছর বাদে ফের মার্কিন প্রেসিডেন্টের কুর্সি দখল করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের উত্তরসূরি হিসাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের শীর্ষ পদে বসবেন ‘খ্যাপাটে’ হিসাবে পরিচিত রিপাবলিকান নেতা। আর মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগেই সুখবর পেলেন ট্রাম্প। বিশ্বখ্যাত ও জনপ্রিয় সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃতি পেয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। আর ওই শিরোপা জয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন, টেসলা সিইও ইলন মাস্ক, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-সহ ৯ প্রভাবশালীকে।
১৯২৭ সাল থেকেই প্রতি বছরের আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিদের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসাবে ঘোষণা করে আসছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। এক বছরের ঘটনাবলীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলা কোনও ব্যক্তিকে (ভাল বা খারাপ যার জন্যই হোক না কেন) বর্ষসেরা হিসাবে স্বীকৃতি দেয়। এবার বাকিদের পিছনে ফেলে ওই পুরস্কার নিজের ঝুলিতে ভরে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যে শুধু মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন তাই নয়। ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম প্রেসিডেন্ট হওয়ার কু-কীর্তিও গড়তে চলেছেন।
২০১৬ সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জিতেছিলেন রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী নেতা। সেবারও তাঁকে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসাবে বেছে নিয়েছিল টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। বর্ষসেরা ব্যক্তি হওয়ার তালিকায় ডোনাল্ড ট্রাম্পের মতো এক বিতর্কিত ব্যক্তিকে রাখার বিষয়ে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, ‘অবিশ্বাস্য রাজনৈতিক প্রত্যাবর্তন’ ঘটিয়ে তিনি ২০২৪ সালের নির্বাচনে জিতেছেন। তার এই জয় নানাদিক থেকে ইতিহাস সৃষ্টি করেছে।’ ২০২০ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত করেছিল টাইম। গত বছর এই খেতাব পেয়েছিলেন পপ তারকা টেলর সুইফট।