আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ১০ দিনের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান। আর ওই ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘হরমুজ প্রণালিতে পুঁতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ করতে যৌথভাবে কাজ করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। আর তার পরেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ভয়ঙ্কর জলমাইন পুঁতে রাখে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্তত এক ডজন মাইন পাতা হয়েছিল। তবে কোন স্থানে মাইন বসানো হয়েছে তার সুনির্দিষ্ট রেকর্ড না থাকায় ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর মাইন অপসারণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ পথটি দিয়ে তেল ও অন্যান্য পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা ফিরিয়ে আনতে মাইন অপসারণ অত্যন্ত জরুরি।
বর্তমানে এই মাইন অপসারণের কাজে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর একটি লিটোরাল কমব্যাট শিপসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। মাইন অপসারণের কাজে বিশেষভাবে সক্ষম আরও দুটি জাহাজ জাপান থেকে রওনা হয়েছে।