নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের মধ্যে কী সম্পর্কে চিড় ধরেছে। সম্প্রতি ‘দ্য মিরর’-এ একটি খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে দুজনের মধ্যে সম্পর্কের অবনতির ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি ব্রিটেনের রাজ পরিবারের সম্পর্কে খবরাখবর রাখা টম কুইনকে বলতে শোনা গিয়েছে, ‘হ্যারির সঙ্গে মেগানের সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। মেগানের নাকি এখন মনে হচ্ছে, তিনি যেভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই পথে তাঁর জীবন এগোচ্ছে না।‘ একইসঙ্গে টম জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমে যাতে তাঁকে নিয়ে আলোচনা হয়, সেই বিষয়টি চান মেগান। তবে তিনি কোনও সমালোচনা সহ্য করতে পারেন না। মেগান বিলাস বহুল জীবন যাপন করতে চান। বেশিকভাগ সময় চান মার্কিন যুক্তরাষ্ট্রে কাটাতে।‘
অন্যদিকে হ্যারির মানসিকতাও তুলে ধরেছেন টম কুইন। তাঁর মতে, ‘হ্যারি ব্রিটেনেই বেশি সময় কাটাতে চান, যেখানে তাঁর ছোটবেলার বন্ধুবান্ধবরা রয়েছেন। হ্যারি খুব বেশি নিজেকে সংবাদমাধ্যমের চর্চায় রাখতে চান না।‘ টম কুইনের মতে, সম্প্রতি হ্যারি ও মেগানের মধ্যে কোথাও না কোথাও মানসিকতার অমিল হতে শুরু করেছে। দুজনের মধ্যে সম্পর্কের এই অবনতি কি আগামীদিনে তাঁদের বিবাহ বিচ্ছেদের পথে নিয়ে যাবে, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ২০২০ সাল থেকে ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে থাকতে শুরু করেন হ্যারি ও মেগান। প্রথমদিকে তাঁরা সেখানে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। পরে আস্তে আস্তে তাঁদের জনপ্রিয়তা কমে আসতে থাকে বলে জানা যায়।