আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় (Nigeria) ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ। আর তাতে এখন পর্যন্ত ৯৪ জন প্রাণ হারিয়েছেন বলে খবর । এই ঘটনা প্রসঙ্গে, নাইজেরিয়ার পুলিশের মুখ্যপত্র জানিয়েছেন, জিগাওয়া রাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্যাঙ্কারের চালক। আর তাতেই রাস্তার মধ্যে উল্টে যায় জ্বালানি ট্যাঙ্কারটি। এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে শুরু করে। আর তখনই ঘটে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে প্রাণ হারান ৯৪ জন।
সেপ্টেম্বর মাসে নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই প্রাণ হারিয়েছিলেন ৪৮ জন। এই ঘটনার এক মাস কাটতে না কাটতে ফের নাইজেরিয়ায় ঘটল একই ঘটনা।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। আর এই দেশে ট্রাক দুর্ঘটনা প্রায়শই হয়ে থাকে। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুযায়ী, শুধু ২০২০ সালেই ১ হাজার ৫৩১টি গ্যাসোলিন ট্যাংকার দুর্ঘটনায় ৫৩৫ জন প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একাধিকবার গোলাগুলি চালানোর ঘটনায় ১০০ জন গ্রামবাসী প্রাণ হারান। একথায় বলা যায়, নাইজেরিয়ায় প্রতিনিয়ত গোলাগুলি এবং দুর্ঘটনার ঘটনা ঘটে চলেছে। আর তাতেই বিপন্ন হচ্ছে আমজনতার জীবন।