আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভ ঠেকাতে শনিবার(২৩ নভেম্বর)সন্ধ্যা থেকে ফোন পরিষেবা সেবা বন্ধ করে দিতে পারে পাক সরকার।কেননা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২৪ নভেম্বর বাঁচা-মরার লড়াইয়ের ডাক দিয়েছেন। তা কড়া হাতে দমন করতে বেশ কিছু আইনি পদক্ষেপ নিতে পারে দেশটির প্রশাসন।
এই নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, বিক্ষোভকারীদের ঠেকাতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে সতর্ক করা হয়েছে পুলিশ প্রশাসনকে। এছাড়া ৮ হাজারের বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে সফর করবেন বেলারুশের প্রেসিডেন্ট। আর ঠিক এমন সময় বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খানের দল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ ঠেকাতে দুই মাস ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। এছাড়া ওই অঞ্চলটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়েছে।
এর আগে ইমরান খানের দলের নেতাকর্মীরা সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ করেছে। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। সদ্যই তোশাখানার নতুন মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্ট আইএইচসি তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন। তবে এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের। গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।