আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েকটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে ভারতীয় নাগরিক সাই কুমার কুরেমুলাকে ৩৫ বছরের কারাদণ্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ৩১ বছর বয়সী ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, সে নাবালক সেজে সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের সাথে বন্ধুত্ব করে তাদের বিশ্বাস অর্জন করত। আরও অভিযোগ, নাবালক নাবালিকাদের কাছে ওই ব্যক্তি শিশু পর্নোগ্রাফি সম্পর্কিত ছবি চাইত। দিতে না চাইলে সে হুমকি দিত।
মার্কিন অ্যাটর্নি রবার্ট ট্রোস্টার এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় নাগরিক সাই কুমার কুরেমুলাকে তিন শিশুকে যৌন নির্যাতন এবং শিশু পর্নোগ্রাফি সামগ্রী রাখার জন্য ৪২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি অভিবাসী ভিসায় ওকলাহোমার এডমন্ডে বসবাস করছিলেন। গত সপ্তাহে জারি করা এক আদেশে, মার্কিন জেলা বিচারক চার্লস গুডউইন বলেছেন যে সাজা শেষ হওয়ার পরে মুক্তি পাওয়ার পরেও সাই আজীবন হেফাজতে থাকবে।
মামলার শুনানির সময়, কুরেমুলা স্বীকার করে বলে সে একজন নাবালিকাকে হুমকি দিয়েছিল যে কাউকে কিছু জানালে সে মেয়েটির বাড়িতে গিয়ে বাবা-মাকে তার অশ্লীল ছবি দেখাবে। আর এক নাবালিকাকে তার অশ্লীল ছবি এবং ভিডিও জনসমক্ষে প্রকাশ করার হুমকিও দিয়েছিল।