আন্তর্জাতিক ডেস্ক: শুরু হয়ে গেল বিশ্ব বাণিজ্য যুদ্ধ। আমেরিকার বিরুদ্ধে কর প্রত্যাঘাতের রাস্তায় হাঁটল শি চিনফিংয়ের দেশ চিন। শুক্রবার বেজিংয়ের তরফে জানানো হয়েছে, মার্কিন পণ্যের উপরে ৩৪ শতাংশ অতিরিক্ত কর আরোপ করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশাল পরিমাণ অতিরিক্ত কর আরোপের ফলে চিনে মার্কিন পণ্যের আমদানি অনেকটাই হ্রাস পাবে। শুধু তাই নয়, ডোনাল্ডের কর বোমা বিশ্ব অর্থনীতিকে সম্পূর্ণ ধসিয়ে দেবে।
মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরেই কর-যুদ্ধের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যে সব দেশ মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত কর চাপায়, সেই সব দেশগুলির পণ্যেও তেমন কর চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তা যে কথার কথা চিল না গত বুধবারই তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের উপরে কর আরোপের ঘোষণা করেছেন। চিনের উপর ৩৪ শতাংশ, বাংলাদেশের উপর ৩৭ শতাংশ, পাকিস্তানের উপর ২৯ শতাংশ, ভারতের উপর ২৭ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ ছাড়া কম্বোডিয়ায় ৪৯ শতাংশ, ভিয়েতনামে ৪৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৪৪ শতাংশ, থাইল্যান্ডে ৩৬ শতাংশ, তাইওয়ানে ৩২ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, সুইজারল্যান্ডে ৩১ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৩০ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ২৫ শতাংশ, জাপানে ২৪ শতাংশ, মালয়েশিয়ায় ২৪ শতাংশ, ইসরায়েলে ১৭ শতাংশ, ফিলিপাইনে ১৭ শতাংশ, সিঙ্গাপুরে ১০ শতাংশ, যুক্তরাজ্যে ১০ শতাংশ, তুরস্ক, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া এবং কম্বোডিয়ায় ১০ শতাংশ করে শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কর আরোপের পরেই বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে ধস নামে। দালাল স্ট্রিট, ন্যাসডাক, ডাউ জোন্স-কেউ রেহাই পায়নি। বিশ্বে অর্থনৈতিক ধস নামার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদিত পণ্যের উপরে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে বেজিং।