নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থকদের সাথে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে। গতকাল অর্থাৎ 4 অক্টোবর থেকে পুলিশের সাথে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়ে ইমরান বাহিনী। অবস্থা নিয়ন্ত্রণে আনতে শনিবার হাত লাগিয়েছে সেনাবাহিনী। যদিও শুক্রবার সকাল থেকেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা।
পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে ইসলামাবাদের ডি-চক এলাকায় একত্রিত হয় পিটিআইয়ের সমর্থকরা। বিভিন্ন এলাকায় জড়ো হয়ে তারা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। পিটিআই সদস্যদের আটকাতে ইসলামাবাদ জুড়ে লাগু হয় 144 ধারা। পুলিশ এবং ইমরান সমর্থকদের তুমুল হাতাহাতিতে বিশৃঙ্খল অবস্থা আগেই তৈরি হয়েছিল গোটা এলাকায়।
আরও পড়ুন:27 বছরের খরা কাটিয়ে ইরানি ট্রফি জিতল রাহানের মুম্বই
সূত্রের খবর, ইমরান বাহিনী এবং পুলিশ কর্তাদের সংঘর্ষের রেশ গিয়ে পড়ে পাঞ্জাবের লাহোরে। তবে লাহোরের মিনার-ই-পাকিস্তানের দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়ার পাশাপশি সেখানে মোতায়েন করা হয়েছে একাধিক সেনা। যদিও ইমরান খানের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়েছে, লাহোরের পথে কর্মী সমর্থকদের বাধা দেওয়া হলে বিক্ষোভ বন্ধ হবে না বরং নিজস্ব এলকা গুলি চিহ্নিত করে সেখানে জমায়েত করবে তারা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে যাতে কোনও রকম হিংসা ছড়ানো না যায় তার জন্য ইসলামাবাদ সহ রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় শুক্রবার থেকেই ইনটারনেট পরিষেবা বন্ধ করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।