আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আলাদা আলাদা অভিযান চালিয়ে ১৩ জন জঙ্গিকে নিকেশ করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, বালুচিস্তানের মালাকান্দ ও কালাত জেলায় অভিযান চালিয়েছিল পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। পাশাপাশি এই ঘটনায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলিবর্ষণের কারণে জঙ্গিদের একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে।
জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার মালাকান জেলায় চার দিন ধরে চলছে নিরাপত্তা বাহিনীর টহল। এই চার দিনে ওই এলাকার নয় জঙ্গিকে জিজ্ঞেস করেছেন নিরাপত্তা বাহিনী। পাশাপাশি আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম দফতর সূত্রে খবর, লেভিস ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালিয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান করা হয়েছে। আগে থেকে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পৌঁছয় নিরাপত্তা বাহিনীর কাছে। সময় সুযোগ বুঝে জঙ্গিদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা করে তবেই অভিযান চালিয়েছেন নিরাপত্তা বাহিনী। মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা এই অভিযানের প্রশংসা করেছেন। জানা গিয়েছে মালাকান্দ এলাকায় আরো কোন সন্ত্রাস ঘাঁটি আছে কিনা তা জানতে চলছে তল্লাশি। অন্যদিকে বালুচিস্তানের কালাত এলাকাতেও অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখানেও চার জঙ্গিকে নিকেশ করেছে তাঁরা। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে এই সন্ত্রাসীরা, স্থানীয় এলাকায় বেশ কিছু কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।