নিজস্ব প্রতিনিধি : টলিউড থেকে বলিউড সমান তালে নিজের কাজের ছাপ রেখেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। একাধিক বাংলা ছবিতে তাঁকে দেখা গিয়েছে। টলিউড বা বলিউড সবক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতা ক্ষুরধার করেছেন। প্রতীম গুপ্তের ‘চালচিত্র’-র পর নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন টোটা রায়চৌধুরী। পথিকৃৎ বসুর আগামী ছবিতে দেখা যেতে পারে তাঁকে। এমনই গুঞ্জন ছড়িয়েছে। জানা গিয়েছে, এই ছবিতে কাজ করবেন জিৎও। অভিনেতা জানিয়েছেন, অভিনয় করবেন কিনা জানেন না, তবে চিত্রনাট্যটি পড়েছেন।
জানা গিয়েছে, এই ছবিটি করলে জিতের সঙ্গে প্রথমবার দেখা যাবে টোটাকে। জেবের সঙ্গে ছবি করলেও জিতের সঙ্গে আগে ছবি করেননি তিনি। এখানেই শেষ নয়, পথিকৃৎ বসুর আগামী ছবিতে পরাধীন ভারতের দাপুটে স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রথমে এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল আবীর চট্টোপাধ্যায়কে। কিন্তু তিনি সময় দিতে পারছিলেন না। তাই টোটাকে সেই জায়গায় অভিনয় করতে দেখা যেতে পারে। এই বিষয়টি নিয়ে অভিনেতা স্পষ্ট করে এখনও কিছু জানাননি।
নীরজ পাণ্ডের স্পাশ্যাল অপস এবং বিক্রম মোতওয়ানের ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এ দেখা গিয়েছে তাঁকে।চালচিত্রের মত স্পেশ্যাল অপস ও ব্ল্যাক ওয়ারেন্টে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে টোটাকে। তাই অনন্ত সিং-র চরিত্র করলে তিনি যথেষ্ট ছাপ রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে অক্টবর থেকে ছবির শ্যুটিং শুরু হতে পারে। নায়ক নিয়ে কথা এগোলেও নায়িকা হিসেবে কাকে দেখা যাবে, তা নিয়ে কিছু জানা যায়নি। তবে নতুন কাউকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।