নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই কানাডার সারেতে অবস্থিত কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফে-তে হামলা হয়েছে। এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় আততায়ীরা। ৯ জুলাই সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। গত সপ্তাহেই কপিলের এই রেস্তোরাঁর উদ্বোধন হয়। প্রায় ২ বছরের কঠোর পরিশ্রমের পর অভিনেতা ও তাঁর স্ত্রী গিন্নি ছত্রথ তাঁদের স্বপ্নের ক্যাফের উদ্বোধন করেন। কিন্তু তাতেই হামলার ঘটনা। যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে কপিল শর্মার পরিবারকে। যদিও ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছেন খালিস্তানি জঙ্গি বাব্বর খালসা অপারেটিভ, হরজিৎ সিংহ লাড্ডি। কেন এই হামলা চালালেন তাঁরা?
এ বিষয়ে খালিস্তানি জঙ্গি জানিয়েছে, কপিল তাঁর শোয়ের (The comedy nights with Kapil) কোনও একটি পর্বে শিখদের অপমান করেছেন। সেই বদলা নিতেই কপিলের ‘ক্যাপস’ ক্যাফেতে হামলা করা হয়েছে। যাতে তিনি ভয় পান। আর শিখদের কাছে ক্ষমা চান। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেন নি কপিল শর্মা। এর রেশ কাটতে না কাটতে এবার খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী দল শিখস ফর জাস্টিস (এসএফজে) এর প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিংহ পান্নুন একটি ভিডিওর মাধ্যমে কপিল শর্মাকে হুমকি দিলেন। তিনি কপিলকে তাঁর ‘রক্তের টাকা হিন্দুস্তানে ফেরত’ নিতে বলেছেন। বহুদিন ধরেই ভারতের কাছে জঙ্গি হিসেবে স্বীকৃত পান্নুন। ভারতে খালিস্তানি রাষ্ট্র গড়ে তুলতে একের পর এক হুমকি মূলক বার্তা দিয়েই চলেছেন তিনি। এদিন কপিল শর্মাকে হুমকিমূলক বার্তা দিয়ে পান্নুন বলেন, “কপিল এবং মোদী-ব্র্যান্ডের অন্য সকল হিন্দুত্ববাদী বিনিয়োগকারীর উদ্দেশ্যে বলি, কানাডা তোমাদের খেলার মাঠ নয়। তোমাদের রক্তের টাকা হিন্দুস্তানে ফেরত নিয়ে যাও। ব্যবসার আড়ালে হিংসাত্মক হিন্দুত্ববাদী মতাদর্শকে কানাডার মাটিতে শিকড় গাড়তে দেবে না। “মেরা ভারত মহান স্লোগান দেওয়া এবং প্রকাশ্যে মোদীর হিন্দুত্বকে সমর্থন করা” কপিল কেন ভারতে নয়, কানাডায় বিনিয়োগ করছেন। মোদির জপ করলে এখানে থাকা যাবে না।”
যদিও এই মর্মান্তিক ঘটনার পর, ক্যাফেটি তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বিষয়ে একটি বিবৃতি শেয়ার করে লিখেছে, “আমরা সুস্বাদু কফি এবং বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে উষ্ণতা, সম্প্রদায় এবং আনন্দ আনার আশায় ক্যাপস ক্যাফে খুলেছি। সেই স্বপ্নের সঙ্গে সহিংসতা মিশে যাওয়া হৃদয়বিদারক। আমরা এই ধাক্কা সামলাচ্ছি কিন্তু আমরা হাল ছাড়ছি না। আপনার সদয় কথা, প্রার্থনা এবং স্মৃতিগুলি আমাদের কাছে অনেক কিছু। আসুন সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াই।” ক্যাফেটি একটি বিবৃতি শেয়ার করলেও, কপিল এখনও এ বিষয়ে কিছু বলেননি।