নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেইসময় সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপের বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছিলেন। তবে শনিবার মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের ধর্না মঞ্চে যেতেই সাধুবাদ জানালেন টলি অভিনেতা। এক সাক্ষাৎকারে পরম জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ সত্যি প্রশংসা করার মতই।‘
শুধু তাই নয় টলি অভিনেতা বলেন,’ ভারতবর্ষে এর আগে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পদাধিকারী কোনও নেতা-মন্ত্রী এমন পদক্ষেপ নিয়েছেন বলে আমার জানা নেই। রাজনীতির প্রেক্ষাপট থেকেই হোক বা যে কোনও জায়গা থেকে যদি চিন্তা করা হয় তাহলে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক এবং ইতিবাচক।‘
উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার ন্যায়বিচার চেয়ে বিগত ৩৪ দিন ধরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর শনিবার আচমকাই তাদের ধর্না মঞ্চে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই প্রথমেই মমতা বলেন, ‘ সারা রাত ধরে বৃষ্টি চলছে। আপনারা যে ভাবে বসে আছেন তা দেখে কষ্ট হচ্ছে। আমিও রাতের পর রাত ঘুমাইনি। আমি আপনাদের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে এখানে আসিনি। বড় দিদি হিসাবে এসেছি। আমায় সময় দিন। সকলে ভালো থাকুন।‘ বলা বাহুল্য, এদিনের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে এরআগে সাধুবাদ জানিয়েছেন টলিউড অভিনেতা দেব। আর এবার মমতার প্রশংসা করলেন পরমব্রত চট্টোপাধ্যায়।