নিজস্ব প্রতিনিধিঃ জেল থেকে বেরলেন তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। শনিবার জেল থেকে বেরিয়েই অভিনেতা বলেন, ‘আমি আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাই। চিন্তার কিছু নেই। আমি নিহত মহিলার পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত।‘
সেই সঙ্গে অভিনেতা আল্লু আরও জানান,’ আমি আইন মেনে চলা নাগরিক। তাই ‘পুষ্পা ২’ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু এবং একটি শিশু গুরুতর আহত হওয়ার ঘটনার তদন্তে আমি সবরকমের সহায়তা করব।‘ উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় তেলগু নায়ক। দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্য আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি। কিন্তু শুক্রবার আদালতের তরফে জামিন পেলেও কাগজপত্র না থাকার জন্য অভিনেতাকে কারাগারে রাত কাটাতে হয়।
আরও পড়ুনঃ কয়েদি নম্বর ৭৬৯৭, চঞ্চলগুডা জেলে মেঝেতে শুয়ে রাত কাটালেন আল্লু অর্জুন
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা-২’ ইতিমধ্যেই বক্স অফিসে সুনামি তুলেছে। মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানার ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। আর ছবি ঘিরে ভক্তদের উন্মাদনাই কাল হল তেলগু সুপারস্টারের। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ছবির বিশেষ প্রিমিয়ারের। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। ‘পুষ্পা-২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আল্লুর হাজার হাজার ভক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর জখম হন আরও একাধিক দর্শক। ওই ভয়াবহ দুর্ঘটনার পরেই রেবতীর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। যদিও মৃত্যুর পরিবর্তে ওই টাকা নিতে রাজি হয়নি রেবতীর পরিবার। বরং চিক্কদাপল্লী থানায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার আগেই জানিয়েছিলেন, ‘পুষ্পা-২’ ছবির পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুন-সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরপরেই শুক্রবার সকালেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘পুষ্পা-২’ নায়ক। অবশেষে এদিন সকালে জেল থেকে বেরালেন তেলগু সুপারস্টার আল্লু অর্জুন।