নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় ফের কী জেলে যেতে হবে তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে? সূত্রের খবর, ‘পুষ্পা-২’ ছবির নায়কের অন্তর্বর্তী জামিন বাতিলের আর্জি জানিয়ে আজ মঙ্গলবারই (২৪ ডিসেম্বর) তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আর আল্লুর জামিন বাতিলের অস্ত্র হিসাবে ঘটনার দিন সন্ধ্যা থিয়েটারের সিসিটিভি ফুটেজ ব্যবহৃত করা হতে পারে। শুধু তাই নয়, জামিনের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া শর্ত লঙঘন করে আল্লুর সাংবাদিক সম্মেলনের বিষয়টিও উচ্চ আদালতের নজরে আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। অন্যদিকে, আজই সকাল ১১টার সময়ে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় জেরার জন্য ‘পুষ্পা’ আল্লুকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা-২’ ইতিমধ্যেই বক্স অফিসে সুনামি তুলেছে। মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানার ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। আর ছবি ঘিরে ভক্তদের উন্মাদনাই কাল হল তেলগু সুপারস্টারের। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ছবির বিশেষ প্রিমিয়ারের। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। ‘পুষ্পা-২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আল্লুর হাজার হাজার ভক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর জখম হন আরও একাধিক দর্শক। ওই ভয়াবহ দুর্ঘটনার পরেই রেবতীর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। যদিও মৃত্যুর পরিবর্তে ওই টাকা নিতে রাজি হয়নি রেবতীর পরিবার। বরং চিক্কদাপল্লী থানায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার আগেই জানিয়েছিলেন, ‘পুষ্পা-২’ ছবির পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুন-সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সন্ধ্যা থিয়েটারের পদপিষ্টের ঘটনায় গত ১৩ ডিসেম্বর সকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘পুষ্পা-২’ নায়ককে। গ্রেফতার করে সোজা নিয়ে যাওয়া হয় চিক্কদাপল্লী থানায়। পরে আদালতে পেশ করা হয়। সওয়াল-জবাব শেষে বিচারক তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের গ্রেফতারিকে চ্যালেঞ্জ দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন ‘পুষ্পা-২’ নায়ক। জরুরি শুনানিতে অর্জুনের আইনজীবী দাবি করেন, ‘শুধুমাত্র শোরগোল ফেলে দেওয়ার জন্যই জনপ্রিয় তেলগু তারকাকে গ্রেফতার করা হয়েছে। পদপিষ্টের যে ঘটনা ঘটেছে, তাতে কোনও ভাবেই আল্লু অর্জুনকে দায়ী করা যায় না।’ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘রইস’ ছবির বিশেষ শোয়ে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মন্তব্যকেও হাতিয়ার করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্য আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় এক রাত জেলে কাটিয়ে পরের দিন ১৪ ডিসেম্বর শনিবার বাড়ি ফিরে আসেন আল্লু অর্জুন। কিন্তু পদপিষ্টের ঘটনা নিয়ে কাজিয়া বন্ধ হয়নি। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) পদপিষ্টের ঘটনাকে হাতিয়ার করে ‘পুষ্পা-২’ নায়কের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ব্যাপক ভাঙচুরও চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে বেশ কয়েকজন হামলাকারীকে আটক করে। এদিন সকালে ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে জামিনে মুক্তি দিন।