নিজস্ব প্রতিনিধি: আমির খান, যিনি বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’-মুক্তির জন্যে প্রস্তুতি নিচ্ছেন। এই ছবির মাধ্যমেই প্রায় ৩ বছর পর রূপালী পর্দায় কামব্যাক করছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। তাই আপাতত ‘সিতারে জমিন পার’-ছবির প্রচারেই ব্যস্ত সুপারস্টার। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে তাঁর ছবি। উত্তেজনায় অপেক্ষার বাধ ভেঙেছে ভক্তদের। কিন্তু জানেন কী, ২০১৬ সালে অভিনেতার ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’ গোটা বিশ্বে মুক্তি পেলেও শুধুমাত্র পাকিস্তানে মুক্তি পায়নি কেন? সম্প্রতি ছবির প্রচারে গিয়েই তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। ‘দঙ্গল’-এ আমির খান কুস্তিগীর মহাবীর সিং ফোগটের ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি ছিলেন কুস্তিগীর গীতা এবং ববিতা ফোগটের পিতা। যাঁরা কুস্তিতে ভারতের পতাকা আন্তর্জাতিক স্তরে উত্তোলন করেছিলেন। ‘দঙ্গল’-এর গল্প গীতা এবং ববিতার উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল। ছবিটি বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। কিন্তু পাকিস্তানে কেন মুক্তি পেল না ছবিটি? ছবিতে কুস্তিগীর গীতা এবং ববিতা ফোগটের ভূমিকায় অভিনয় করেছিলেন সান্যা মলহোত্রা এবং ফাতেমা শেখ।
আসলে, পাকিস্তানের সেন্সর বোর্ড ছবিটি থেকে তেরঙ্গা এবং ভারতের জাতীয় সঙ্গীত অপসারণের জন্য বলেছিল। কিন্তু অভিনেতা তা মেনে নিতে অস্বীকৃতি জানান। তাই পাকিস্তানে মুক্তি পায়নি ‘দঙ্গল’। সম্প্রতি, আমির খান একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে গিয়ে ছবিটি সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। তাঁর কথায়, ‘ছবি ‘দঙ্গল’ পাকিস্তানে মুক্তি পায় নি। ছবির প্রযোজকরাও বলেছিলেন যে ছবিটি যদি পাকিস্তানে মুক্তি না পায়, তাহলে ব্যবসার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে আমিও ভারতের বিরুদ্ধে এমন কিছু সমর্থন করতে চাইনি।’
আমির খান আরও বলেন, ‘ডিজনি দঙ্গল ছবিটি উপস্থাপন করেছিল। ছবিটি মুক্তি পাওয়ার পর পাকিস্তানের সেন্সর বোর্ড আমাদেরকে গীতা ফোগাটের ম্যাচজয়ী দৃশ্য থেকে তেরঙ্গা এবং ভারতের জাতীয় সঙ্গীত সরিয়ে ফেলতে বলেছিল। তারা বলেছিল যে যতক্ষণ না এটি করা হয়, ততক্ষণ তারা এই ছবিটি মুক্তি দেবে না তাঁদের দেশে। এরপর আমি প্রযোজকদের এক সেকেন্ডের মধ্যে জানিয়ে দিয়েছিলাম যে, আমাদের ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে না। ডিজনি কর্তৃপক্ষও বলেছিল যে এটি আমাদের ব্যবসার উপর প্রভাব ফেলবে। তারপর আমি বলেছিলাম যদি কেউ আমাকে আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত সরিয়ে ফেলতে বলে, তাহলে এতে আমার কোনও আগ্রহ নেই। আমি এমন ব্যবসা মোটেও চাই না।’ তবে ২০১৬ সালে দঙ্গল সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছিল। ‘দঙ্গল’ ঘরোয়া বক্স অফিসে ৩৭৪.৪৩ কোটি আয় করেছিল, এবং বিশ্বব্যাপী সর্বোচ্চ ২,০২৪ কোটি টাকা আয় করেছিল। এটাই ছিল বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা। সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তান। অপারেশন সিঁদুর-এর মাধ্যমে এর প্রতিশোধ তুলেছে ভারত। এরপর থেকেই ভারতে কাজ করা পাকিস্তানি অভিনেতাদের ব্যানড করেছে ভারত। পাশাপাশি পাকিস্তানি ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টও নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় ফিরছেন সুপারস্টার আমির খান। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি ব্যর্থ হওয়ার পর, অভিনেতা চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন। এখন আমির তার ২০০৭ সালের সুপারহিট ছবি ‘তারে জমিন পার’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল ‘সিতার জমিন পার’ নিয়ে ফিরছেন। ছবিটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।