নিজস্ব প্রতিনিধি : প্রেম-ভালবাসা কোনও বাধা মানে না। দূরত্ব তো কোন ছাড়। সীমা-সচিন, বারবারা-শাদাবের পরে এবার জ্যাকলিন-চন্দন। ফের প্রকাশ্যে ফের সীমান্ত পেরনো আরও এক প্রেমকাহিনী। অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত গ্রামের চন্দনের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় মার্কিন মহিলা জ্যাকলিন ফরেরো। চন্দনের সারল্য ও কথাবলায় আকৃষ্ট হয়েছিলেন জ্যাকলিন।
সেই প্রেমের টানেই সুদূর আমেরিকা থেকে অন্ধ্র প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে পৌঁছেছেন জ্যাকলিন ফরেরো। তিনি একজন ফটোগ্রাফার। ইন্সটাগ্রাম থেকে দুজনের সম্পর্ক। এক বছরের বেশি সময় ধরে দুজনের মধ্যে কথা হত শুধুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন। সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিন লিখেছিলেন, ১৪ মাস একসঙ্গে এবং একটি বড় নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত।
পাশাপাশি ৪৫ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি। দুজনের একসঙ্গে থাকার কিছু মুহূর্ত ভিডিও-র মাধ্যমে শেয়ার করেছেন। জ্যাকলিন জানিয়েছেন, তিনিই প্রথম চন্দনকে মেসেজ করেছিলেন। চন্দন অত্যন্ত ভালো মানুষ। ধর্মতত্ত্ব সম্পর্কেও তাঁর ভালো জ্ঞান রয়েছে।
ভালবাসার টানেই সুদূর আমেরিকা থেকে ভারতে এসেছেন। ভারতে এসে দুজনে একসঙ্গে সময় কাটিয়েছেন। জানা গিয়েছে, অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু ভগবানের জন্য সব ঠিক হয়ে গিয়েছে। তাঁদের প্রেমকাহিনী সোশ্যাল মিডিয়ায় বেশ প্রভাব ফেলেছে। জানা গিয়েছে, ইতিমধ্যে আমেরিকায় থাকার জন্য ভিসার আবেদন করেছেন চন্দন।
ফরেরো এবং চন্দনের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে এবং তাদের বায়োতে লেখা আছে, বিশ্বাসকে কেন্দ্র করে ভালবাসা খুঁজে পেতে একজন সংগ্রামী অন্ধ্র প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামের সঙ্গে দেখা করেন।
জ্যাকলিন ফরেরো-র পোস্টে অনেকেই অনেক কমেন্ট করেছেন। বেশ লাইক-শেয়ারও হয়েছে।