নিজস্ব প্রতিনিধিঃ গণবিবাহের অনুষ্ঠানে পাতপেড়ে খেয়েছিলেন আমন্ত্রিতরা। কিন্তু সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়লেন একের পর অতিথি । এমনই ঘটনা ঘটেছে রাজস্থানে । সেখানকার এক গণবিবাহের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২০০ জন অতিথি । বমি এবং ডায়রিয়া নিয়ে প্রায় ৫০ জন অতিথি ভর্তি রয়েছে হাসপাতালে । তবে তারা এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলে খবর।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গণবিবাহের অনুষ্ঠানে মিষ্টি এবং রাবড়ি খেয়েই অসুস্থ হয়ে পড়েন অতিথিরা । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছিয়ে খিচুরি , সবজি এবং পনিরের নমুনা নিয়ে এসেছেন খাদ্য দফতরের আধিকারিকরা । এই প্রসঙ্গে ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ওমপ্রকাশ রায়পুরিয়া জানিয়েছেন, ‘ যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তারা বেশীরভাগজনই মহিলা এবং শিশু। তাদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খোলা হয়েছিল অস্থায়ী হাসপাতাল। সেখানেই চলে চিকিৎসা । তবে এখন অসুস্থ হওয়া অতিথিরা সুস্থ রয়েছেন । ‘ এই ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি । এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।
অন্যদিকে মধ্যপ্রদেশের শিবপুরীতে এক ভান্ডারার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন ২০০ জন । তাদেরকে সিভিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে ভাণ্ডারার বাসি খাবার খেয়ে শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি হয় । তাতেই অসুস্থ হয়ে পড়েন ২০০ জন । বারবার এই ধরনের ঘটনা হওয়ায় খাবারের গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন ।