নিজস্ব প্রতিনিধিঃ ফের সলমান খানকে (Salman Khan) খুনের হুমকি। বুধবার সকালে মুম্বই পুলিশের ( Mumbai Police ) কাছে অজ্ঞাত মেসেজে এসেছে এই খুনের হুমকি। সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে , ‘ মুক্তিপণ হিসেবে ২ কোটি টাকা না দিলে সলমন খানকে খুন করা হবে।‘ তবে এই মেসেজটি কে পাঠিয়েছে তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছে মামলা।
বেশ কয়েকদিন ধরে লাগাতার খুনের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা। মঙ্গলবার খুনের হুমকি দায়ে ২০ বছর বয়সী এক যুবককে নয়ডা থেকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। অভিযুক্ত যুবক হলেন মহম্মদ তৈয়ব। বর্তমানে তাঁকে জেল হেফাজতে রেখেছে পুলিশ। বলা বাহুল্য, অভিযুক্ত ওই যুবক সলমন খান ছাড়াও সদ্য প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দিয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরে প্রথমদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন খান। শুধু তাই নয় এপ্রিল মাসে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালায় এই চক্রের সদস্যরা। তারপর থেকেই একের পর এক খুনের হুমকি পান বলিউড অভিনেতা। এই আবহে কিছুদিন আগেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুন হন। যিনি সলমনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এরপর থেকেই একের পর এক খুনের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা সলমন খান।