নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করল শিবসেনা উদ্ধব গোষ্ঠী। এই গোষ্ঠীর এক স্থানীয় নেতা রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে বলেন রাহুল যদি নাসিকে আসেন, তাহলে তারা হয় তাঁর মুখে চূন কালি মাখানো হবে নয়তো তার কনভয়ে পাথর ছুঁড়ে মারা হবে। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে ‘মাফিবীর’ বলেছিলেন রাহুল। সেই জন্যই তাঁকে এই হুমকি দেওয়া হয়েছে।
নাসিকের শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) উপ-প্রধান বালা দারাডে একটি মারাঠি সংবাদ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমরা গর্বিত যে আমরা সাভারকরজির জন্মস্থানে থাকি। রাহুল গান্ধি তাঁর সম্পর্কে যা বলেছেন তা অপমানজনক। যদি তিনি নাসিকে আসেন তাহলে আমরা আমরা রাহুল গান্ধির মুখে কালি মাখিয়ে দেব। যদি তা না করতে পারি, তাহলে আমরা তাঁর কনভয়ে পাথর ছুঁড়ে মারব।”
বালা দারাডে আরও বলেন যে এই বিবৃতি মহা বিকাশ আঘাদি (এমভিএ) জোটের যে ক্ষতি করবে তা নিয়ে তিনি চিন্তিত নন। শিবসেনার উপপ্রধান স্পষ্ট করে বলেন যে ‘জোটের ভবিষ্যৎ যাই হোক না কেন, সাভারকরের অপমান আমরা সহ্য করব না।’
তবে এই বিবৃতিতে যে শিবসেনার সকলেই বালার সঙ্গে রয়েছেন তা কিন্তু নয়। শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মুখপাত্র সুষমা আন্ধারে স্পষ্ট করে বলেছেন যে এটি বালা দারাদের ব্যক্তিগত বিবৃতি, দলের নয়।
কংগ্রেস এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি হর্ষ বর্ধন সাপকাল বলেছেন, ‘এটি কাপুরুষোচিত বিবৃতি। রাহুল গান্ধির বাবা রাজীব গান্ধি এবং ঠাকুমা ইন্দিরা গান্ধি দেশের ঐক্যের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। কংগ্রেস এমন দল নয় যে ভয় পায়।”
তিনি আরও বলেন যে, “রাহুল গান্ধি সাভারকরের বিরুদ্ধে অবমাননাকর কিছু বলেননি। তিনি কেবল ঐতিহাসিক তথ্য তুলে ধরেছেন। ঠিক এই তথ্যই লিখিত রয়েছে প্রাক্তন সাংবাদিক এবং মন্ত্রী অরুণ শৌরির বইতেও।” প্রাক্তন মন্ত্রী যশোমতী ঠাকুর বলেন, “আমরা গান্ধিবাদী আদর্শে বিশ্বাসী মানুষ, কিন্তু যারা আমাদের হুমকি দেয় তাঁদের কীভাবে জবাব দিতে হয় তাও আমরা জানি।”