নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টিই মহাযুতির দখলে। তা সত্ত্বেও নয়া মুখ্যমন্ত্রী নাম নিয়ে ধোঁয়াশা কাটেনি। আর এই আবহে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিজেপি এক নেতা জানিয়ে দিলেন কে হবে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। এই নিয়ে তিনি জানান, ‘আগামী ৫ ডিসেম্বর মহারাষ্ট্রে মহায়ুতি জোটের নতুন সরকার গঠন করবে। দেবেন্দ্র ফড়নবিশই পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।‘
গত ২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মহায়ুতি জোট, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। এরমধ্যে বিজেপি পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন। এরপরেই একনাথ শিন্ডে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন জমা দেবেন না। তাতেই প্রশ্ন উঠতে শুরু হয় কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।
এই নিয়ে শিন্ডে, ফড়নবিশ এবং অজিত পাওয়ার বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়। এরপর শুক্রবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভেসতে যায়। জানা গিয়েছে, রবিবার ফের এই নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহে বিজেপি নেতা জানিয়ে দিলেন আগামী ৫ ডিসেম্বর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রবীণ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বলা বাহুল্য, এরআগে ফড়নবিশ মহারাষ্ট্রে দু’বার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী ছিলেন।