নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পদত্যাগী জগদীপ ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে এনডিএ’র প্রার্থী কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা। আজ বৃহস্পতিবার (৭ অগস্ট) সংসদ ভবনে এনডিএ’র সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ অগস্ট এনডিএ’র প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
সংসদের চলতি অধিবেশন শুরুর দিনেই আচমকা ইস্তফা দিয়েছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তার ওই ইস্তফা জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। সূত্রের খবর, একাধিক ইস্যুতে শাসকদল বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিলেন ধনখড়। ফলে তাঁকে উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই নির্দেশ পাওয়ার পরেই কালবিলম্ব না করে ইস্তফা দিয়েছিলেন ‘অপমানিত’ ধনখড়। তাঁর জায়গায় নয়া উপরাষ্ট্রপতি নির্বাচিত করতে আগামী ৯ সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। ওই ভোট ঘিরে ইতিমধ্যেই শাসক জোট এনডিএ ও বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব তৎপর হয়েছে। আজ বৃহস্পতিবার রাতেই ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ওই বৈঠকে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধনী’ নিয়ে আলোচনার পাশাপাশি উপরাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী কে হবেন তা নিয়ে আলোচনা হবে।
উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাই ভোট দিতে পারেন। সংসদের দুই কক্ষের শক্তির নিরিখে এনডিএ’র প্রা্র্থীর জয় নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু তিন বছর আগে জগদীপ ধনখড় যত সাংসদের সমর্থন পেয়েছিলেন এবার ততটা সমর্থন পাবেন না এনডিএ প্রার্থী। তাছাড়া রাজ্যসভা পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছেন, দলের কোনও প্রবীণ নেতা কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কোনও অনুসারীকে প্রার্থী করতে। বেশ কয়েকজনের নাম নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে। যেহেতু বিজেপির কেউ উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন তাই এনডিএ’র শরিক দলগুলির তরফ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে।