নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি! বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশের কাছে আসে এই হুমকি ফোনটি। সেখানে এক মহিলা বলেন, ‘মোদিকে খুন করার পরিকল্পনা করেছি।’ এই ফোন পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। তাতেই গ্রেফতার হলেন ৩৪ বছরের তরুণী। এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। তবে অভিযুক্তের বিরুদ্ধে আম্বোলি থানায় দায়ের করা হয়েছে এফআইআর।
এদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,’ প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে অভিযুক্ত মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । শুধু তাই নয় ওই মহিলার গতিবিধির ওপর নজর রাখতে ফোন ট্র্যাক করা হচ্ছে।’ তবে কী কারণে ফোন করে দেশের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিলেন ওই মহিলা তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনাটি নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর খুনের হুমকি পেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরেই এই ঘটনার সঙ্গে জড়িত ২৪ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। শুধু তাই নয় চলতি বছর একাধিকবার খুনের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সলমান খান থেকে শুরু করে শাহরুখ খান। আর এবার খুনের হুমকি পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে চিন্তায় পড়েছে কেন্দ্র ।