নিজস্ব প্রতিনিধি: অমরনাথ যাত্রা শুরুর আগে ভূস্বর্গ হয়ে উঠল ভয়ঙ্কর। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় গুলি চালানো হয়েছে। গুলিতে এক পর্যটক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতরা বেশিরভাগই রাজস্থানের বাসিন্দা।
জানা গিয়েছে, সন্ত্রাসীরা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালায়। তাতে ছয়জন আহত হয়। আহতদের মধ্যে তিনজন পর্যটক এবং তিনজন স্থানীয় রয়েছেন। কিছু ঘোড়াকেও গুলি করা হয়েছে বলে খবর। সন্ত্রাসীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।
আসলে, কাশ্মীরের কিছু এলাকা আছে যেখানে সন্ত্রাসবাদ প্রায় দেখা যায় না বললেই চলে।পহেলগাঁও এমনই একটি এলাকা।এখানে প্রচুর সংখ্যায় পর্যটক আসেন। মার্চ মাসে তুষারপাতের পর শত শত পর্যটক এখানে ক্রমাগত আসছেন। পর্যটকরা পাহেলগাঁওয়ের একটি পাহাড়ের চূড়ায় ট্রেকিং করতে যান। সন্ত্রাসী হামলাটি সেখানেই হয়েছিল। লুকিয়ে থাকা সন্ত্রাসীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়।
এদিকে দু’মাস পর থেকেই শুরু অমরনাথ যাত্রা। তার আগে পহেলগাঁওতে এই সন্ত্রাসী হামলা বেশ উদ্বেগজনক খবর। অমরনাথ যাত্রার বেস ক্যাম্পটি পহেলগাঁওয়ে রয়েছে।
বেশিরভাগ সন্ত্রাসী পর্যটকদের উপর আক্রমণ করে না। কারণ তাদের এই হঠকারিতা স্থানীয় মানুষের ব্যবসার উপর প্রভাব ফেলবে। এই পর্যটকরা যেখানে পৌঁছেছিলেন, সেটি ছিল পাহাড়ের চূড়ায়। সে সব জায়গায় পুলিশ সবসময় পৌঁছাতে পারে না। সন্ত্রাসীরা সেই সুযোগেই পর্যটকদের টার্গেট করে।
কাশ্মীর উপত্যকা এবং জম্মু অঞ্চলে উপস্থিত ৯০ শতাংশ সন্ত্রাসী পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে। স্থানীয় কিছু জনের সন্ত্রাসবাদে হাতেখড়ি হলেও তারা সংবেদনশীল। এদের সংখ্যা খুবই কম।