নিজস্ব প্রতিনিধিঃ বাংলো পেতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। লোকসভায় বিরোধী দলনেতার জন্য দেওয়া হয়েছে সুনেহরি বাগ রোডের ৫ নম্বর বাংলোটি। শুক্রবার ওই বাংলো থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধিকে৷ আর তাতে শুরু হয়েছে গুঞ্জন। মনে করা হচ্ছে, রাহুল ওই বাংলোয় থাকতে শুরু করার আগে সবকিছু ঠিকঠাক আছে কি না তা দেখতে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী। সূত্রের খবর, অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীর মত কংগ্রেস নেতা পেতে চলেছে টাইপ ৮ বাংলো।
সাংসদ হিসেবে রাহুল ২০০৪ সাল থেকে নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক রোডের বাংলোয় থাকতেন। কিন্তু ‘মোদি পদবি’ নিয়ে মামলার জেরে সাংসদ পদ হারিয়েছিলেন কংগ্রেস নেতা। তাই তাঁকে এই বাংলোটি ছেড়ে দিতে হয়েছিল। এরপর থেকে রাহুল গান্ধি মায়ের সঙ্গে ১০ জনপথের বাসভবনে থাকতেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রাহুল গান্ধি ফিরে পেয়েছেন সাংসদ পদ। তবে সাংসদ পদ ফিরে পাওয়ার পর রাহুলকে পুরনো বাড়ি ফেরানোর প্রস্তাব দেয় সংসদের হাউসিং কমিটি। কিন্তু তিনি সেই বাংলোটি নিতে অস্বীকার করেন। এই আবহে চলতি বছর লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে জিতে আবারও সাংসদ হন রাহুল৷ এরপরই গুঞ্জন শোনা যাচ্ছে সুনেহরি বাগ রোডের ৫ নম্বর বাংলোটি এবার বিরোধী দলনেতাকে দিতে চলেছে সংসদের হাউস কমিটি।