নিজস্ব প্রতিনিধিঃ টানা তিন দিন ধরে লাগাতার ভারী বৃষ্টি চলছে সিকিমে। আর তাতে এবার একাধিক এলাকায় নামল ধস। শুধু তাই নয় বৃষ্টির কারণে ধসে গিয়েছে সেতু। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে বিবেচিত রং-রং ব্রিজ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। জোর কদমে চলছে মেরামতের কাজ।
বলা বাহুল্য, সেতু ধসের জেরে মঙ্গন জেলা সদর রাজ্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। জেলা প্রশাসন বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা মেরামতের কাজ শেষ হবে বলে আশাবাদী প্রশাসন। অন্যদিকে সোরেং জেলার দারামদিন এলাকাতেও নেমেছে ধস। আর তাতে ঘরবাড়ি থেকে শুরু করে গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, লাগাতার বৃষ্টির জেরে জলাধারগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। তাই তিস্তা লো ড্যাম ৩ ও ৪ খুলে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই তিস্তা নদীর তীরবর্তী বাসিন্দাদের জল ছাড়ার বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। নদীর তীর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, বর্তমানে সিকিমে ভূমিধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে দেখা দিয়েছে যানজট। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দফতর আগামী দু’দিন সিকিমে লাল সতর্কতা জারি করেছে। আর তাতেই চিন্তায় পড়েছেন স্থানীয়রা।