নিজস্ব প্রতিনিধি : জামাই তো নয়, স্বয়ং শ্রীবিষ্নু। শুধুমাত্র বাড়িতে আদরের জামাই আসবে বলে আপ্যায়ন করার জন্য উঠেপড়ে লেগেছে শ্বশুর-শাশুড়ি। কথাতেই আছে, ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’। আয়োজন তো নয়, একেবারে আস্ত একটা রেস্তেরাঁ তুলে আনল শ্বশুরবাড়ির লোকেরা। কি নেই পাতে, মদ থেকে শুরু করে আইসক্রিম। থরে থরে সাজানো নানান পদ। এক নয়, একশো নয়, একেবারে ৬৩০ খানা পদ রান্না করে জামাইয়ের সামনে দিল খোদ শ্বশুরমশায়। জামাইয়ের প্রতি এমন ভালবাসা দেখে তোলপাড় নেটদুনিয়া। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।
মকর সংক্রান্তি উপলক্ষে পালিত হয়েছে ঘরোয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়ে জামাই। শ্বশুর জঙ্গা বুজ্জি ও শাশুড়ি ভাসাভি আদর যত্নে ভরিয়ে দিয়েছেন মেয়ে-জামাইকে। এই অনুষ্ঠানে চমক আনতে জামাইকে ৬৩০ রকমের পদ দিয়ে আপ্যায়ন করেছেন তাঁরা।
সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে থরে থরে সাজানো খাবার। কি নেই তার মধ্যে। মদ থেকে শুরু করে ফল, ভাজাভুজি, পোলাও সমস্ত কিছু। জামাই ভেবেই পাচ্ছেন না কোনটা ছেড়ে কোনটা খাবেন। আর তাতেই হাসির রোল নেটপাড়ায়। একের পর এক কমেন্ট ভেসে এসেছে। কেউ লিখেছেন, ‘সৌভাগ্যের বিষয়’। আবার অনেকে লিখেছেন, এমন শ্বশুরবাড়ি পেলে ‘ঘরজামাই থেকে যেতে রাজি’। আবার কেউ কেউ লিখেছেন, ‘বাড়ির ঝড়টাকে (মেয়ে)সামলে রাখছেন বলেই এত খাতির।’