নিজস্ব প্রতিনিধি : ফের বিপত্তি ঘটল কুম্ভমেলায়। ভয়ঙ্কর আগুন লাগল কুম্ভ মেলার সেক্টর ২২-এ। পুড়ে ছারখার বেশ কয়েকটি তাঁবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল বাহিনী। আগুন নিয়্ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এই অগ্নিকাণ্ডে ১৫ টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকেরা। তবে তাঁবুতে কোনও মানুষজন ছিলেন না বলেই জানা গিয়েছে।তাই প্রাণহানি ঘটেনি। তবে কী কারণে আগুন লেগেছে তা নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে।এই নিয়ে দমকল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ছাতনাগ ঘাট এলাকায় আগুন লাগার ঘটনাটি ঘটে। ১৫ টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।’
চলমান মহাকুম্ভ মেলায় ফের আগুন লাগার ঘটনা সামনে আসল।এর আগে গত ১৯ জানুয়ারি আগুন লেগেছিল কুম্ভমেলার সেক্টর ১৯-এ। গীতা প্রেসে প্রায় ১৮০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। গতকাল বুধবারই কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু জনের। মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভমেলায় ‘শাহি স্নান’-এর জন্য মঙ্গলবার রাত থেকেই ভিড় বৃদ্ধি পেতে শুরু করে। রাত ২টো নাগাদ ব্যারিকেড ভেঙে যায় ভিড়ের চাপে। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। সেই সময়ে বাকিরা তাঁদের মাড়িয়ে এগিয়ে যান। এই ঘটনার পর ‘শাহি স্নান’ দীর্ঘ ক্ষণ বন্ধ রাখা হয়েছিল।